ক্যারিয়ারের প্রস্তুতি শুরু হোক বিশ্ববিদ্যালয় থেকে
বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়। এটি ভবিষ্যৎ গড়ারও সময়। এই সময়ে একজন শিক্ষার্থী নিজের জ্ঞান বাড়ান। নতুন দক্ষতা অর্জন করেন। বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হন। তাই ক্যারিয়ার নিয়ে ভাবার জন্য স্নাতক শেষ হওয়ার অপেক্ষা করা উচিত নয়। বরং শুরু থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া ভালো।
নিজের আগ্রহকে চিনুন
ক্যারিয়ার প্রস্তুতির প্রথম ধাপ হলো নিজেকে চেনা। আপনি কোন বিষয়ে আগ্রহী? কোন কাজ করতে ভালো লাগে? কোন বিষয়ে আপনার দক্ষতা বেশি? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন। কেউ ব্যাংকিং পেশায় যেতে চান। কেউ শিক্ষকতা করতে চান। কেউ গবেষণা কিংবা ব্যবসায় আগ্রহী। আবার কেউ লেখালেখিকে পেশা হিসেবে নিতে চান। নিজের আগ্রহ বুঝতে পারলে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা সহজ হয়।
.png)
শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়
বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল গুরুত্বপূর্ণ। তবে কর্মজীবনে শুধু ফলাফলই সবকিছু নয়। প্রয়োজন বিভিন্ন ব্যবহারিক দক্ষতা। যোগাযোগের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রয়োজন দলগতভাবে কাজ করার ক্ষমতা। সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও কাজে আসে। তাই পড়াশোনার পাশাপাশি এসব দক্ষতা অর্জনের চেষ্টা করা উচিত।
ইংরেজি ও প্রযুক্তিতে দক্ষতা
বর্তমান কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার অনেক বেশি। চাকরির আবেদন, ই-মেইল, প্রতিবেদন লেখা কিংবা উপস্থাপনায় ইংরেজি প্রয়োজন হতে পারে। প্রযুক্তির ব্যবহারও দিন দিন বাড়ছে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার এবং অনলাইন যোগাযোগের মৌলিক দক্ষতা শিক্ষার্থীদের কাজে লাগতে পারে। এসব দক্ষতা শেষ মুহূর্তে শেখার চেয়ে বিশ্ববিদ্যালয় জীবনেই চর্চা করা ভালো।
ক্লাব ও সংগঠনে যুক্ত হওয়া
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা সংগঠনে যুক্ত হওয়া যেতে পারে। এসব কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যায়। অন্যদের সঙ্গে কাজ করার অভ্যাস তৈরি হয়। কথা বলার আত্মবিশ্বাসও বাড়ে। পাশাপাশি নিজের আগ্রহের ক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।
ইন্টার্নশিপে বাস্তব অভিজ্ঞতা
শ্রেণিকক্ষে শেখা জ্ঞান বাস্তবে কীভাবে কাজে লাগে, তা বোঝার সুযোগ তৈরি করে ইন্টার্নশিপ। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় ইন্টার্নশিপ করার মাধ্যমে কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কাজের নিয়ম বোঝা যায়।
পেশাজীবীদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। নিজের দক্ষতার ঘাটতিও চিহ্নিত করা সম্ভব হয়। তাই সুযোগ থাকলে ইন্টার্নশিপকে গুরুত্ব দেওয়া যেতে পারে।
তৈরি করুন নিজের পোর্টফোলিও
বিশ্ববিদ্যালয় জীবনে করা গুরুত্বপূর্ণ কাজগুলো সংরক্ষণ করা ভালো। গবেষণাপত্র, প্রজেক্ট, লেখালেখি, উপস্থাপনা কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত সাফল্যের তথ্য রাখা যেতে পারে।
এগুলো ভবিষ্যতে নিজের দক্ষতা তুলে ধরতে সাহায্য করবে। পাশাপাশি একটি সুন্দর ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তৈরি করা প্রয়োজন।
সময় ব্যবস্থাপনা শিখুন
বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কাজ থাকে। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ব্যক্তিগত সময়—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখা জরুরি। প্রতিদিন অল্প সময় ক্যারিয়ার প্রস্তুতির জন্য রাখা যেতে পারে। একদিনে অনেক কিছু শেখার প্রয়োজন নেই।
নিয়মিত চর্চাই বেশি গুরুত্বপূর্ণ। আজ একটি দক্ষতা। আগামীকাল আরেকটি। এভাবেই ধীরে ধীরে প্রস্তুতি এগিয়ে নেওয়া সম্ভব।
নেটওয়ার্ক তৈরি করুন
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে। এই যোগাযোগ ভবিষ্যতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে কাজে লাগতে পারে।
সেমিনার, কর্মশালা ও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়া যেতে পারে। বিভিন্ন পেশার মানুষের অভিজ্ঞতা শোনা যেতে পারে। তবে নেটওয়ার্কিং মানে শুধু পরিচিত মানুষের সংখ্যা বাড়ানো নয়। বরং অর্থবহ ও পেশাগত সম্পর্ক তৈরি করা।
প্রস্তুতি শুরু হোক এখনই
ক্যারিয়ার গড়ার প্রস্তুতি কোনো একদিনের কাজ নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় জীবন সেই প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময়। ডিগ্রির পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। স্নাতক শেষ হওয়ার পর নয়। নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি শুরু হোক বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই।
লেখক : লিমন হেমরম, শিক্ষার্থী, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ই-মেইল: [email protected]