ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১-এর বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, বাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তারা কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এর আগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল শাহ আলী থানা পুলিশ। পুলিশ বলেছিল, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলা ও লুটপাটের সময় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে পুলিশের গাড়ি থাকার বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!