ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণেই আওয়ামী লীগের নৈরাজ্য বেড়েছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, 'জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকারের গড়িমসি ভূমিকার কারণে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা বেড়ে গেছে। সরকারের সদিচ্ছার অভাব এবং প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অবস্থানের কারণে সামগ্রিক কাঠামো এ অবস্থায় রয়েছে।'
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামী ধারাবাহিক কর্মসূচি পালন করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া দেওয়া হবে। ইসলামী ছাত্রশিবিরও নিজ নিজ জায়গা থেকে প্রতিটি ক্যাম্পাসে ও রাজপথে মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রাথমিক কর্মসূচির মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করছি। এতে সরকারের বোধোদয় না হলে সামগ্রিকভাবে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির কথা বলেন তিনি।’
তিনি আরও বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানালেও পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের জন্য সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২, আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ইবির ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, ইবির আইআইইআর'র পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থীরাসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।