ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জনপদজুড়ে আতঙ্ক, আগুনের দখলে গোপালগঞ্জ
একটি থানায় হামলা দিয়ে শুরু। এরপর একের পর এক বাড়িঘর, রাজনৈতিক কার্যালয়, হাসপাতাল, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ। কোথাও পুলিশের গাড়ি, কোথাও বিজিবির যানবাহন, আবার কোথাও সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে সহিংসতা। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে জেলা। হামলা, সংঘর্ষ ও সড়ক অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। এসব ঘটনায় পুলিশ, বিজিবি, সাংবাদিক ও আন্দোলনকারীদের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়া থেকে শুরু হওয়া সহিংসতা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাশিয়ানী, মুকসুদপুর, গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। তিন দিনের ব্যবধানে গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়ি বা তাদের সংশ্লিষ্ট স্থাপনা, বিএনপির সাবেক জেলা সভাপতির বাসভবন, দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, গ্রামীণ ব্যাংক, হাসপাতাল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে তারা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাশিয়ানীর ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে আটকা পড়েন যাত্রীরা। বৃষ্টির মধ্যে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
দিনের বড় হামলার ঘটনাগুলোর একটি ঘটে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে। বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকশ লোক মিছিল নিয়ে বাড়িটিতে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই গ্রামের লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের ঘোনাপাড়ার বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুর চালানো হয়।
তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকার এফএনএফ সুপারশপেও হামলার খবর পাওয়া গেছে।এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, মিছিলকারীরা থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানোর পাশাপাশি ভেতরে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার সময় থানায় কোনো পুলিশ সদস্য ছিলেন না বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের ভাষ্য, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানায় প্রবেশ করে ভাঙচুর এবং যানবাহনে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে আগুন দেওয়ার পর কয়েকজনকে সেলফি তুলতেও দেখা যায়। এ সময় একজনকে ‘দে দে, জয় বাংলা করে দে... এই যে মুকসুদপুর থানা’ বলতে শোনা যায়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, থানায় আগুন দেওয়া হয়েছে। এতে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
একই সময়ে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতেও ভাঙচুর চালানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এর আগের রাতেও হাসপাতালটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে সহিংসতার সূত্রপাত মঙ্গলবার (১৭ নভেম্বর)। সেদিন আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রের দাবি, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে থানায় হামলা চালানো হয়।
হামলাকারীরা থানা ভবন ভাঙচুরের পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে নিলফা বাজার এলাকায় তাদের বহরে হামলা চালানো হয়। সেখানে বিজিবির একটি এপিসিসহ একটি জিপ এবং মোট চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
সেদিন রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাড়িগুলো ভস্মীভূত হয়ে যায়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও ধাওয়ার শিকার হন চার সাংবাদিক। তারা হলেন- বাংলা পোস্টের স্টাফ রিপোর্টার আরিফ শেখ, একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং নবধারার রাকিব চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) রাতেও সহিংসতা অব্যাহত থাকে। এদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসভবন এবং তার মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়, দলীয় তোরণ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেরার পথে রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বাজারের একটি দোকানেও ভাঙচুর চালানো হয়।
একই রাতে কোটালীপাড়ার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মেয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বর্ষাপাড়া গ্রামের একটি বিএনপি কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ধারাবাশাইল ও সাদুল্লাপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ওই দিন কাশিয়ানী উপজেলা পাইলট স্কুলের সামনে বিক্ষোভ মিছিলের মুখে পড়ে হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক আবু আলম (৫২)।
সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। লকডাউনের আগের দিন বুধবার বিকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী অংশের অন্তত পাঁচটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে নিচুপাড়া পর্যন্ত সড়কের পাশেও ১০টির বেশি স্থানে গাছ ফেলে অবরোধের প্রস্তুতি নেওয়া হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যদের অবস্থান করতে দেখা যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে নতুন করে আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।