ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল তরুণের প্রাণ
বন্ধুর সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলেন ১৮ বছর বয়সী তামিম। কিন্তু সেই ঘুরতে যাওয়াই যে জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! বাড়ি থেকে বের হওয়ার পর আর জীবিত ফেরা হলো না তার। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. তামিম (১৮)। এ ঘটনায় তার বন্ধু অমিত গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলিবাড়ির মোতাহারের ছেলে। আহত অমিত একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আরশ আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বাড়ি থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা হন। বাংলাবাজারে পৌঁছানোর আগে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অমিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।