পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে না ফেরার দেশে বোরহানউদ্দিনের মামুন
রাজধানী ঢাকার কলাবাগানে সাততলা ভবনের বাইরের অংশে রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে মো. মামুন মীর (২৮) নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গ্রীন লাইফ হাসপাতালের পাশের একটি সাততলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাজাহান মীরের মেঝো ছেলে।
প্রত্যক্ষদর্শী নেছার উল্লাহ মীর জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের বাইরের অংশে রঙের কাজ করছিলেন মামুন। এ সময় অসতর্কতাবশত তার কাজের রশি ছিঁড়ে গেলে তিনি নিচে পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুনের এমন আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
কলাবাগান থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।