রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
.png)
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন।
অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রল এবং ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।