সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। দুপুর ২টায় সড়ক ছাড়েন তারা।
ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের করার দাবিতে কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন চালকরা। তারই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
.png)
তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরে বাংলা জোনের সহকারী কমিশনার (এসি) উদয় কুমার শাহা বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে অন্য সড়ক দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। বর্তমানে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। শিগগিরই এ পথ দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।
এর আগে, রোববার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। একইদিন মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।