তাঁতীবাজারে ছিনতাইয়ের সময় বোতল নিক্ষেপ-ছুরিকাঘাত, আহত ৪
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা পেট্রোল বোমা সদৃশ একটি বোতল ছুড়ে মারে, যা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পেট্রলবোমাসদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটলেও ছুরিকাঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
.png)
আহতরা হলেন, ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। বর্তমান তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসান বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করছিল। সে সময় তাদেরকে ধরে ফেলার চেষ্টা করা হলে চারজনকে ছুরিকাঘাত করা হয়।
তিনি বলেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রোলবোমাসদৃশ বোতলও নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে৷ বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটককৃত তিন ছিনতাইকারীর হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।