ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসে যাত্রীর গায়ে বমি করে ছিনতাই, মূল হোতা ‘চোরা স্বপন’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বাসে যাত্রীর গায়ে বমি করে ছিনতাই, মূল হোতা ‘চোরা স্বপন’ গ্রেফতার
গ্রেফতারকৃত স্বপন ওরফে চোরা স্বপন ওরফে গুরু স্বপন- ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. স্বপন ওরফে ‘চোরা স্বপন’ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘বমি পার্টি’ দলটি বানান এবং ছিনতাইয়ের জন্য তার দলের সদস্যদের বমি করার প্রশিক্ষণ দিতেন।

মঙ্গলবার তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন বরিশালের কাজিরহাট থানার সন্তোষপুরের আয়নাল ফকিরের ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের ১০টি মামলা রয়েছে।

বুধবার তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতারের সময় চোরা স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়। বাসে যাত্রীবেশে উঠে বমি করে যারা ছিনতাই করেন, তাদের কাছে ‘গুরু স্বপন’ নামে পরিচিত তিনি।

Advertisement

ওসি মহসিন বলেন, স্বপন একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হয়েছেন তিনি। এ কারণে গ্রামে সবাই তাকে ‘চোরা স্বপন’ নামে চেনেন। গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সঙ্গে থাকলেও পরে নিজেই দল করে নেন। এরপর তিনি ‘বমি পার্টি’ গঠন করেন। তার দলের সদস্যরা বিভিন্ন বাসে উঠে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন। এরপর তাদের কেউ একজন সেখানে কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরনের হৈ-হুল্লোড় তৈরি হয়। সেই সুযোগে এ গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান।

মোহাম্মদ মহসিন জানান, তারা যে বমি করেন সেটা কৃত্রিম। চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে সেটি করা হয়। এই বমি করার ‘প্রশিক্ষণ’ দেন স্বপন। তাই তাকে এ ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা ‘গুরু স্বপন’ নামে ডাকেন।

মঙ্গলবার স্বপন ও তার দুই সদস্য ফার্মগেটে একটি বাসে ওঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এ সময় দুইজন পালিয়ে গেলেও স্বপনকে আটক করা হয়। পরে পুলিশ স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!