এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টহল টিমের তাৎক্ষণিক অভিযানে লুণ্ঠিত হওয়া টাকা, মোবাইল ফোন, চেক বইসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি কামাল হোসেন।
তিনি জানান, সোমবার দুপুরে উপজেলার রামপুর ইউপির দরিল্লা গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী ত্রিশাল বাজারের সোনালী ব্যাংক থেকে নগদ ছয় লাখ টাকা উত্তোলন করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ইভা ফিলিং স্টেশনের কাছে গেলে পূর্ব থেকে পিছু নেয়া দুই ছিনতাইকারী মোটরসাইকেলে চলন্ত অবস্থায় ফিল্মি কায়দায় টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা মহাসড়কে টহলরত পুলিশকে তাৎক্ষণিক অবহিত করলে এসআই হুমায়ুন কবীর ও এএসআই মাহমুদুল হাসান জামানের নেতৃত্বে ছিনতাইকারীদের ধাওয়া করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন ত্রিশাল উপজেলার সদর ইউপির চিকনা মনোহর গ্রামের সোহাগ মিয়া ও একই ইউপির পাঁচপাড়া গ্রামের মেহেদী হাসান সাব্বির।
ওসি কামাল হোসেন জানান, দুই চৌকস পুলিশ অফিসার তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া টাকা ও মালামালসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার জানান, প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।