ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২৪
আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২
ফাইল ফটো

রাজধানীর আদাবরে ২ সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে আদাবরের মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন- নিউজ২৪ টেলিভিশনের অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

গ্রেফতারকৃতরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিং এলাকার শরিফ মাতুব্বরের ছেলে মো. সুমন মাতুব্বর ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মনির হোসেন।

Advertisement

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা ঐ দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই পরিচয় দেন হামলাকারী সুমন মাতবর। 

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। হামলা ঠেকাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। এ সময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।  এ ঘটনায় আমি আদাবর থানায় হত্যাচেষ্টা মামলা করেছি। 

মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার এক পর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়িভাবে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। এক পর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এ সময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা দুই সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর বলেন, ঘটনার পর পরই দুইজনকে আটক করা হয়েছে।  পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!