ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড়িতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, আছে বিএমডব্লিউ: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ৯ মার্চ ২০২৩
বাড়িতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, আছে বিএমডব্লিউ: মেয়র আতিক
গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান, বনানী ও বারিধারা অনেকটা ম্যানহাটন শহরের মতোই অভিজাত ও ব্যয়বহুল। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, এসব এলাকায় কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানালেও সুয়ারেজের ব্লাক ওয়াটারের সংযোগ আমাদের সারফেস ড্রেনে দিয়ে রেখেছে।

তিনি বলেন, এখানে এমনও অনেক বাড়ি আছে যেখানে একাধিক বিএমডব্লিউ গাড়ি রয়েছে কিন্তু অল্প টাকা খরচ করে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করেনি।

বৃহস্পতিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, আমরা চাই একটি সুন্দর শহর, একটি দূষণমুক্ত শহর। আমরা চাই শহরের খালগুলো হবে দূষণমুক্ত। এজন্য আমাদের সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। বাসা-বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেন অথবা খালে দেওয়া যাবে না।

মেয়র আতিকুল ইসলাম বলেন, পয়োবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষণ করছে। দূষণের ফলে খালে মাছের চাষ না হয়ে সেখানে মশার চাষ হচ্ছে। সেটি আর হতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধে আমরা অভিযান পরিচালনা করেছি। কয়েকটি এলাকায় সুয়ারেজ লাইনে কলাগাছ দিয়ে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা অভিযান করবো, কলাগাছ দিয়ে বন্ধ করবো এটি সমাধান হতে পারে না। আমি অনুরোধ করছি আপনারা সচেতন নাগরিক, সচেতন ভবন মালিক, বিভিন্ন সোসাইটির সচেতন নেতা ও হাউজিং প্রতিষ্ঠানের সচেতন মালিক হিসেবে সঠিক পয়োবর্জ্য ব্যবস্থা করুন। ইকুইপমেন্ট সংগ্রহ করে বাড়িতে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করুন। শহরকে দূষণমুক্ত করতে নিজ নিজ দায়িত্ব পালন করুন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আতিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!