রাজধানীতে আইস-ইয়াবাসহ আটক ৪
রাজধানীতে ৫১ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম আইস ও ৮ হাজার ২০০ ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. ফারুক ওরফে হাড্ডি ফারুক, মো. মনির মল্লিক, মো. আমিন ও মো. বেলাল মিয়া।
রোববার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (দক্ষিণ) উপ-পরিচালক (ডিসি) মো. মাসুদ হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত রাজধানীর ভাটারা থানা ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভাটারার ছোলমাইদ খ্রিস্টান বিল্ডিং মাতবর বাড়ি কবরস্থান রোড থেকে কুখ্যাত মাদক কারবারি হাড্ডি ফারুককে ৬০ গ্রাম আইস ও ৮ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড থেকে ২০০টি ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ মো. মনির মল্লিককে এবং ৪০ গ্রাম আইসসহ টেকনাফের মাদক ব্যবসায়ী মো. আমিন ও মো. বেলাল মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজশে ইয়াবা ও আইস পাচার ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে ভাটারা থানা ও যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি মাসুদ হোসেন।