ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯ কলেজছাত্রের পাকস্থলীতে ২৪ হাজার ইয়াবা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২২
৯ কলেজছাত্রের পাকস্থলীতে ২৪ হাজার ইয়াবা
ইয়াবাসহ আটককৃত ৯ কলেজছাত্র

কুমিল্লায় ইয়াবা পাচারের সময় ৯ কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের পাকস্থলী থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একাদশ-ডিগ্রিতে অধ্যয়নরত।

মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‍্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ
সাকিব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। ঐ সময় একটি বাস থেকে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে বিশেষ পদ্ধতিতে পাকস্থলীর ভেতর থেকে ২৩ হাজার ৯৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরপাড়াতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তোফায়েল আহমেদ, মাজাহারুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম, ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার গ্রামের আজিজুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম রিফাত, বাকশি (পাঠানবাড়ী) গ্রামের ফখরুদ্দিন পাঠানের ছেলে রিশাত পাঠান, নয়াবাড়ী গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. গোলাপ, বাগশি গ্রামের রতন মিয়ার ছেলে মো. সেলিম, পটুয়াখালী সদর থানার পশুরবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. সোহেল, নেত্রকোণার কেন্দুয়া থানার পিজাহাতি গ্রামের কামরুল হাসানের ছেলে মো. মিতুল হাসান মাহফুজ, গাজীপুরের জয়দেবপুর থানার আমবাগ (কোনাবাড়ী) গ্রামের মাসুদ ইসলামের ছেলে সিয়াম ইসলাম।

র‍্যাব জানায়, আটককৃত ৯ তরুণই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের শিকার হয়ে তারা এ অপরাধে জড়িয়েছে। অর্থের প্রলোভন এবং মাদকের ফাঁদে ফেলে তাদের ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়েছে একটি চক্র। এ চক্রের হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!