৮ বোনের শক্তিশালী সিন্ডিকেট, কচুর ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার
৮ বোনের শক্তিশালী সিন্ডিকেট। সবাই জড়িত ইয়াবা ব্যবসায়। কখনো পরিবারের ছোট বাচ্চাদের নিয়ে ভ্রমণের ছলে, আবার কখনো সবজির (কচু) ভেতর করে ইয়াবা পাচার করে আসছিলেন তারা। এজন্য ব্যবহার করতেন সুবিধাজনক রুটও। তবে এতকিছু করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি এ চক্র। র্যাবের হাতে আটক হয়েছেন তিন বোন। উদ্ধার করা হয়েছে ১৮ হাজার ৬শ’ ইয়াবা।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়া ছড়া এলাকার হোসেন আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম ওরফে মনু ওরফে মনোয়ারা, একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী হালিমা বেগম ও জসিম উদ্দিনের স্ত্রী আসমাউল হুসনা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ইয়াবা পাচারে অভিনব কৌশল অবলম্বন করতো চক্রটি। প্রথমে তারা সবজির ওপরের অংশ কেটে ভেতরে খালি করতো, পরে সেখানে পলিথিন ব্যাগে মোড়ানো ইয়াবা লুকিয়ে টমেটোসহ অন্যান্য সবজির সঙ্গে পাচার করতো।

তিনি বলেন, মাদক বহনে অত্যন্ত দক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে একটি অনন্য পথ অনুসরণ করতো এ চক্র। প্রথমে কক্সবাজার থেকে চকরিয়া আসতো। এরপর পুলিশ ও অন্যান্য চেকপোস্ট এড়াতে ফাশিয়াখালী-লামা-আলীকদম-বিলছড়ি-লোহাগাড়া হয়ে সাতকানিয়ায় পৌঁছাতো।
এরপর সাতকানিয়ার কেরানিরহাট থেকে দুটি দলে বিভক্ত হতো। একটি দল নিয়মিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অনুসরণ করতো ও অন্যটি কেরানিরহাট-বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙ্গুনিয়া হয়ে হাটহাজারী পর্যন্ত ইয়াবা পৌঁছে দিতো।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে অটোরিকশায় একটি মাদকের চালান চট্টগ্রামের দিকে আসছে- এমন খবরে হাটহাজারীতে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশীকালে পালানোর চেষ্টা করলে তিন বোনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা শপিং ব্যাগে কচুর ভেতর সু-কৌশলে লুকানো ১৮ হাজার ৬শ’ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৫৬ লাখ টাকা।
তিনি বলেন, ফাতেমা চক্রটির মূলহোতা। আট বোন মিলেই ইয়াবা পাচার করতো। এমনকি সন্দেহ এড়াতে বেড়ানোর ছলে পরিবারের ছোট বাচ্চাদেরও সঙ্গে নিতো। এভাবে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছিল চক্রটি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটকদের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।