ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জাবি শিক্ষার্থীকে সেনাসদস্যের মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যের মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা।
অভিযোগের শিকার শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাতটার দিকে টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে ডেইরি গেট থেকে রিকশায় করে কুটুরিয়া এলাকার দিকে যাচ্ছিলেন আওরঙ্গজেব। পথে রিকশাটি উল্টো পথে চললে বিশমাইল এলাকায় দায়িত্ব পালনরত এক সেনাসদস্য সেটি থামান। এ সময় ওই সেনাসদস্য রিকশাচালক ও আওরঙ্গজেবকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, লাঠি দিয়ে আঘাতের প্রতিবাদ জানালে ওই সেনাসদস্য আওরঙ্গজেবের হাত ধরে পাশের একটি সেনাবুথে নিয়ে যান এবং সেখানে তাঁকে মারধর করেন। পরে আওরঙ্গজেব একই রিকশায় ক্যাম্পাসে ফিরে সহপাঠীদের বিষয়টি জানান। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আওরঙ্গজেব রমজান মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘আমি এখন শিক্ষকদের সঙ্গে প্রশাসনিক ভবনে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’
অবরোধে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল অমিত বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল ক্যাম্পাসে আসছে বলে আমরা জেনেছি। আমরা তাঁদের অপেক্ষায় আছি। তাঁদের কাছে আমাদের কিছু দাবি তুলে ধরা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘সেনাবাহিনীর প্রতিনিধিদল আসছে। আমাদের উপস্থিতিতে তারা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। প্রশাসন সার্বক্ষণিক সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে (সেলে) নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে উপ-উপাচার্য জানান, আওরঙ্গজেব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি একজন শিক্ষকের তত্ত্বাবধানে রয়েছেন।