সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র্যালি-মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র্যালি ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষকরা।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচিতে অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে একযোগে এ কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে নোবিপ্রবিতেও র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে একটি মহল বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিবর্তনের সিদ্ধান্ত জনগণ তাদের ভোটের মাধ্যমেই নেবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় নোবিপ্রবি এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।