কুবিতে চালু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের অধীনে নতুন করে দুটি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি বিবেচনায় রয়েছে আরও একটি বিভাগ চালুর বিষয়। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন করে ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির জন্য ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিভাগগুলো হলো—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স।
তবে প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসির মৌখিক আশ্বাস পাওয়া গেছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরো জানা যায়, ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। এদিকে, ওই শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন ক্যাম্পাসে প্রকৌশল অনুষদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের একাডেমিক যাত্রা শুরু হতে পারে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, "প্রাথমিকভাবে চারটি বিভাগ চালুর জন্য আবেদন জানানো হয়েছিলো, তবে দুইটি বিভাগ চালুর অনুমোদন আসতে পারে। আমরা আশা করি খুব দ্রুতই চূড়ান্ত অনুমোদন পেয়ে যাব।"
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, "আমরা চারটি বিভাগ চালুর জন্য জানিয়েছিলাম তবে প্রাথমিকভাবে দুইটি বিভাগ চালুর অনুমোদনের মৌখিক আশ্বাস দিয়েছে ইউজিসি।"