ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জুলাইয়ের হামলায় শিক্ষকদের বিচার নিয়ে ‘পুনঃতদন্ত’ চায় জাবি ছাত্রশক্তি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৭ অক্টোবর ২০২৬
জুলাইয়ের হামলায় শিক্ষকদের বিচার নিয়ে ‘পুনঃতদন্ত’ চায় জাবি ছাত্রশক্তি
শহীদ মিনার,জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে পূর্ববর্তী প্রশাসনের সময়ে পরিচালিত তদন্ত ও গৃহীত বিচারিক সিদ্ধান্ত পুনঃতদন্ত ছাড়া সিন্ডিকেট সভায় চূড়ান্ত করার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জাবি সংসদ, জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (৭ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তুর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও আপত্তির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী প্রশাসনের সময়ে সম্পন্ন হওয়া তদন্ত ও বিচারিক প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত ও প্রশ্নাতীত হিসেবে বিবেচনা করা সমীচীন নয়। বিশেষ করে তদন্তের নিরপেক্ষতা, পূর্ণতা, তথ্য-প্রমাণের যথাযথ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণের বিষয়ে প্রশ্ন থাকলে পুনঃতদন্তের প্রয়োজন রয়েছে।

এতে আরও বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাবির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, নিপীড়ন, শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগগুলোর বিচার কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, পূর্ববর্তী প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত সরাসরি সিন্ডিকেটের রেজুলেশনের মাধ্যমে চূড়ান্ত করার পরিবর্তে স্বাধীন ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে পুনঃতদন্ত সম্পন্ন করা প্রয়োজন। পুনঃতদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।

জাতীয় ছাত্রশক্তি বলছে, জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক বিষয় কেবল একটি প্রশাসনিক রেজুলেশনের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ নেই। এর সঙ্গে শিক্ষার্থীদের ন্যায়বিচারের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং জুলাইয়ের ঐতিহাসিক দায়বদ্ধতা সরাসরি যুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনঃতদন্তে পূর্ববর্তী সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হলে তা বহাল রাখা যাবে। অন্যদিকে, কোনো অসংগতি বা গাফিলতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ তৈরি হবে। তাই পুনঃতদন্তের পথ বন্ধ করে পূর্ববর্তী সিদ্ধান্ত সরাসরি সিন্ডিকেটের রেজুলেশনের মাধ্যমে চূড়ান্ত করা গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরও জানায়, দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে কোনো আপস করবে না জাতীয় ছাত্রশক্তি।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!