মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে! আটক ২
অনলাইনে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে মেয়ে কণ্ঠে কথা বলতেন ২০ বছরের তরুণ শান্ত ইসলাম। সেই কণ্ঠের প্রেমে মজে মোবাইল ফোনেই তাকে বিয়ে করে বসেন এক ইতালি প্রবাসী। শুধু তা-ই নয়, টাকার লোভে নিজের জন্মদাতা বাবাও সেজেছিলেন প্রবাসীর নকল শ্বশুর! এভাবে বাবা-ছেলে মিলে প্রবাসী ওই যুবকের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
তবে শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়া হ্যাকিং ও অভিনব এই প্রতারক চক্রের মূল হোতা শান্ত ও তার বাবাকে গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—গন্ডবিল গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ শান্ত আলী (২০) এবং শান্তর বাবা মোঃ শহিদুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল গন্ডবিল গ্রামে শান্তর নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রবাসীকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন প্রবাসীদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।