নোবিপ্রবি বাসে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার-২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গোমতী বাসের চালককে মারধর ও বাসের লুকিং গ্লাস ভাঙচুরের অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় নোবিপ্রবির বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন ওই মোটরসাইকেলের আরোহী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
ঘটনায় বাসচালক দিলীপ রবি দাস আহত হয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসটির একটি লুকিং গ্লাস ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত শিডিউল অনুযায়ী সকালে নোবিপ্রবি ক্যাম্পাস থেকে কবিরহাটের উদ্দেশে গোমতী বাস নিয়ে রওনা হন চালক দিলীপ রবি দাস। বাসটি সোনাপুর জিরো পয়েন্টে পৌঁছালে ইন্ডিকেটর দিয়ে ঘোরানোর সময় কবিরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের পেছনের দিকে ধাক্কা দেয়।
এ নিয়ে বাসচালক মোটরসাইকেল আরোহীদের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করেন চালক। পরে বাসটির একটি লুকিং গ্লাসও ভাঙচুর করা হয়।
বাসচালক দিলীপ রবি দাস বলেন, তিনি প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে নোবিপ্রবিতে গাড়ি চালাচ্ছেন। সকালে কবিরহাট যাওয়ার পথে সোনাপুর জিরো পয়েন্টে বাস ঘোরানোর সময় তিনি ইন্ডিকেটর দিয়েছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি বাসের পেছনের চাকার কাছে ধাক্কা দেয়।
তার দাবি, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মোটরসাইকেল আরোহীদের একজন তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তাকে বাস থেকে নামতে বলা হয়। নিচে নামার পর ওই ব্যক্তি চাবি দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং লাথি মারেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সোনাপুর জিরো পয়েন্ট এলাকার টোল আদায়কারী সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি সিগন্যাল দিয়ে পার হওয়ার সময় কবিরহাটের দিক থেকে আসা মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে বাসের চাকার সঙ্গে ধাক্কা দেয়। এরপর মোটরসাইকেল আরোহীরা বাসচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
সুমনের ভাষ্য, একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা চালককে বাস থেকে নামতে বলেন। তিনি নামার পর তাকে মারধর করা হয়। পরে বাসের হেলপারকেও মারধরের চেষ্টা করা হলে তিনি বাসের ভেতরে উঠে দরজা বন্ধ করে দেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি বাসটির একটি লুকিং গ্লাস ভেঙে ফেলেন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর বাসচালক দিলীপ রবি দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযোগ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিশ্ববিদ্যালয়ের চালক ও হেলপারের ওপর হামলার ঘটনা দুঃখজনক। হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করতে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে।