ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবির তিন শিক্ষকের বিষয়ে সিন্ডিকেটের নতুন সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কুবির তিন শিক্ষকের বিষয়ে সিন্ডিকেটের নতুন সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১১তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষকের আগের শাস্তি সংশোধন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে চলমান তদন্তপ্রক্রিয়া অব্যাহত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মকর্তাদের বিষয়ে আগে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি বিভাগের শিক্ষক মো. আলী রেজওয়ান তালুকদারের পদাবনতির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জসিম উদ্দিনের আগের শাস্তিও সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তিনি পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন না।

এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তপ্রক্রিয়া আগের মতোই চলবে।

আলী রেজওয়ান তালুকদারের পদাবনতি বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, প্রায় ছয় বছর আগের একটি ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরও প্রায় সাড়ে পাঁচ বছর তা সিন্ডিকেটে উপস্থাপন করা হয়নি। পরে নিয়ম অনুসরণ না করে তাঁকে শাস্তি হিসেবে তিন বছর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ওই সময়ের অভিজ্ঞতা গণনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উপাচার্য বলেন, রিভিউ কমিটির সুপারিশে দেখা গেছে, ওই প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি এবং শাস্তির মাত্রাও যথাযথ ছিল না। এ কারণে পদাবনতি প্রত্যাহার করে তাঁকে সতর্ক করা হয়েছে।

কাজী এম. আনিছুল ইসলামের ক্যাম্পাসে প্রবেশাধিকার পুনর্বহালের বিষয়ে উপাচার্য জানান, আগের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত চলাকালে তাঁর ক্যাম্পাসে প্রবেশাধিকার স্থগিত ছিল। কয়েক মাস আগে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও প্রক্রিয়াটি প্রায় দুই বছর ধরে চলেছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা হওয়ায় আগের প্রশাসনের সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী আনিছুল ইসলামের ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে চলমান প্রশাসনিক প্রক্রিয়া নিয়ম অনুযায়ী অব্যাহত থাকবে।

ড. মোহাম্মদ জসিম উদ্দিনের শাস্তি সংশোধনের বিষয়ে উপাচার্য বলেন, তাঁর ক্ষেত্রে তদন্ত যথাযথভাবে সম্পন্ন হয়েছিল এবং অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছিল। তবে আগের শাস্তির মাত্রা যথাযথ ছিল না। তাই শাস্তি সংশোধন করে আগামী দুই বছর তাঁর পদোন্নতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এআর
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!