ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা শেষ আজ
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
এরই মধ্যে শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
.png)
অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।