ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঝালকাঠি জেলা যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠি জেলা যুবদলের শীর্ষ দুই নেতার প্রাথমিক সদস্যসহ সকল পদ স্থগিত করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। তারা হলেন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন। তারা জানান, দলীয় আদর্শ পরিপন্থি কোন কাজ তারা করেননি। তবুও দলের সিদ্ধান্ত মেনে পাশে থেকে কাজ করার প্রত্যয় করেন।
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থগিতাদেশের প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ভেরিফাইড ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। এ সূত্রটি প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি’র নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাঁকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জেলা যুবদলের সদস্য সচিবের পদে স্থগিত হওয়া অ্যাডভোকেট আনিসুর রহমান খান তার ফেসবুক পেইজে পোস্ট করেন "আমি দলের নীতি আদর্শের বিরোধী কোন কাজ করিনি। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে দলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।"
রবিউল হোসেন তুহিন তাঁর ফেসবুকে উল্লেখ করেন, “আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। দলের প্রতি আমার আনুগত্য, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সবসময় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনো কাজ আমি করেছি বলে আমার জানা নেই। যাইহোক দলের সিদ্ধান্ত মেনে, দলের কাজ আজীবন করে যাবো ইনশাআল্লাহ।”