ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেট সীমান্তে বাংলাদেশের ভেতরে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৭ নভেম্বর ২০২৬
সিলেট সীমান্তে বাংলাদেশের ভেতরে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর বিজিবির টহল দলের হাতে আটক হন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দল। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। তাকে বিওপিতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!