বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পৃথক আরেকটি পোস্টে সারজিস আলম বিএনপির বিরুদ্ধে লুটপাট, জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তোলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে লেখেন, দলটির কর্মকাণ্ডের ধারাবাহিকতা চলতে থাকলে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরাই নিজেদের ঘর লুট, জমি দখল, দোকানে চাঁদাবাজি এবং সহিংসতায় জড়িয়ে পড়তে পারেন।
.png)
আরেক পোস্টে এনসিপির এই নেতা দাবি করেন, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর বিএনপি টিকে আছে। এসব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে বিএনপি নামে কোনো দল থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। একই পোস্টে প্রধানমন্ত্রী পদে থাকার জন্য তারেক রহমানকে মাসে কত টাকা চাঁদা দিতে হয়—এমন ব্যঙ্গাত্মক প্রশ্নও তোলেন সারজিস।
এর আগে ২০ সেপ্টেম্বরের এক ফেসবুক পোস্টেও বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন সারজিস আলম। সেখানে তিনি ‘নতুন হাওয়া ভবন’ তৈরি এবং হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তোলেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।