ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবিতে মশক নিধন ও সচেতনতামূলক কর্মশালা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবিতে মশক নিধন ও সচেতনতামূলক কর্মশালা
ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

Advertisement

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব উদ্যোগের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম রয়েছে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান উপাচার্য। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ সময় জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পাশাপাশি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!