ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ বইমেলা ]

বিপুল হাসানের হরর বই ‘ভয়াল তের’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
বিপুল হাসানের হরর বই ‘ভয়াল তের’
ছবি: সংগৃহীত

একুশে বইমেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বিশ্বের খ্যাতনামা লেখকদের ১৩টি বিখ্যাত হরর গল্প নিয়ে মেলায় এলো বিপুল হাসানের ‘ভয়াল তের’ বইটি। এই গল্পগুলোকে সরাসরি অনুবাদ বললে ভুল হবে, ভাবানুবাদ বা রূপান্তর বলাটাই ভালো। বইটির প্রতিটি গল্প বাহুল্যতা বাদ দিয়ে সবার উপযোগী করে বাংলা করা হয়েছে। দেশ পাবলিকেশন্স বইটি বের করেছে। বইটি মেলার ৩৮৮-৩৮৯ নং স্টলে পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বইটিতে ‘কিং অব হরর’ খ্যাত মার্কিন লেখকের তিনটি অসাধারণ গল্প বেছে নেয়া হয়েছে। এছাড়া দুটি গল্প নেয়া হয়েছে ভূতুড়ে জীবনযাপনে অভ্যস্ত প্রয়াত মার্কিন লেখক অ্যাডগার অ্যালানপো থেকে। বাকি ৭টি গল্পের লেখক হলেন আগাথা ক্রিস্টি, রবার্ট ব্চল, ব্রাম স্ট্রোকার, গেলর্ড সাবাটিনি, রবার্ট আর্থার, উইলিয়াম হোপ হজসন, গি দ্যা মাপসা এবং চার্লস লি। এদের প্রত্যেকেই বিশ্বখ্যাত গল্পকার।

বইটি প্রসঙ্গে বিপুল হাসান বলেন, দুনিয়ায় বোধহয় এমন ফিকশন লেখক খুঁজে পাওয়া যাবে না, যিনি দু-একটা অতিপ্রাকৃত অর্থাৎ ভূতের গল্প লেখার চেষ্টা করেননি। পাঠকও অতিপ্রাকৃত গল্পের বই পড়তে পছন্দ করেন, এটা টের পাওয়া যায় বিশ্বের বেস্ট সেলর বইয়ের তালিকাতে চোখ রাখলেই। ভূত-প্রেত আছে কি নেই, সেই তর্কে না গিয়ে এটা বলা যায় যে, ভূতের ভয় সবারই কম-বেশি আছে। হরর মুভি দেখে বা ভূতের ভয় পেয়ে আতঙ্কে রাতে বাতি নেভানো থেকে বিরত থাকতেও আমরা অনেকেই পছন্দ করি। ভয়ে গায়ের লোম দাঁড়ানোর মতো ছোট-বড় গল্প দিয়েই বইটি সাজানো হয়েছে।

লেখক হরর গল্প পাঠের আনন্দটা পুরোপুরি উপভোগের জন্য পাঠকের কাছে মধ্যরাতের পর একা একা ‘ভয়াল তের’ বইয়ের গল্পগুলো পড়ার অনুরোধ জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!