ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

১৬ দিনে নতুন বই এসেছে ২৭৭টি, শনিবারের আয়োজনে যা থাকছে

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৩:৪১, ১৪ মার্চ ২০২৬
১৬ দিনে নতুন বই এসেছে ২৭৭টি, শনিবারের আয়োজনে যা থাকছে
ছবি: ডেইলি বাংলাদেশ

বইমেলার ১৬তম দিনে নতুন বই এসেছে ২৭৭। গতকাল বৃহস্পতিবার মেলার ১৫তম দিনে নতুন বই এসেছিল ৮২। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬১৪ টিতে।

শুক্রবার (১৩ মার্চ) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের ও বই মেলার তথ্যকেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শুক্রবার মেলার ১৬তম দিনে আসা ২৭৭টি বইয়ের মধ্যে গল্পের বই ছিল ৩৩টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ১১৫টি, গবেষণা ৩টি, ছড়া ৬টি, শিশুসাহিত্য ৯টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ২টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য ৬টি, ধর্ম ৭টি, অনুবাদ ৩টি এবং অন্যান্য ৩৬টি।

যা ছিল মেলার আজকের আয়োজনে: এইদিন সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

Advertisement

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : বদরুদ্দীন উমর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ আহমেদ। আলোচনায় অংশ নেন সুমন রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

ফিরোজ আহমেদ বলেন, বদরুদ্দীন উমরের প্রধান পরিচয় তিনি একজন রাজনীতিবিদ, একজন বিপ্লবী তাত্ত্বিক। রাজনৈতিক বিপ্লব ছিল যার জীবনের উদ্দীষ্ট। অন্যদিকে, তিনি একজন সমাজবিশ্লেষক বুদ্ধিজীবী। উনিশ শতক নিয়ে তার প্রবল আগ্রহ ছিল, কারণ তিনি উনিশ শতকেই গড়ে ওঠা এখানকার মধ্যবিত্তের সংকটকে সূত্রপাতের সময়টি দিয়েও বুঝতে চেয়েছেন। দেশভাগ নিয়ে তার আগ্রহ ছিল, কারণ আরও অনেক কিছুর সঙ্গে তা পরবর্তীকালের রাজনৈতিক গতিপথকে বহুভাবে প্রভাবিত করেছে। কৃষক ও কৃষি নিয়ে বদরুদ্দীন উমর বিপুল পরিমাণে লিখেছেন, কারণ এই দেশে সমাজ-রূপান্তরের ভিত্তি হিসেবে তিনি ভূমি সংস্কারকে গুরুত্বপূর্ণ মনে করতেন। এই সবগুলো বিষয়েই বদরুদ্দীন উমরের লেখালেখি বেশ জনপ্রিয় এবং এখনও পাঠকপ্রিয়। তার রাজনীতির সঙ্গেও এই রচনাগুলোর গভীর সম্পর্ক রয়েছে। 

সুমন রহমান বলেন, বদরুদ্দীন উমর বাংলাদেশে মার্কসবাদের রূপ এবং যুদ্ধপূর্ব ও যুদ্ধোত্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করেছেন। পুঁজিবাদের ঐতিহাসিক সমস্যাটি তিনি সুচারুরূপে চিহ্নিত করেছিলেন। তিনি গণঅভ্যুত্থানের ধারণাকে যেমন সমর্থন জানিয়েছেন, তেমনি অভ্যুত্থানকে বিপ্লবের পেঁৗছানোর একটি পথ বলে মনে করেছেন। চিন্তার ব্যাপ্তি ও তাত্ত্বিক ধারণাসমূহের জন্য তিনি নিঃসন্দেহে দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবেন।

মোহাম্মদ আজম বলেন, বদরুদ্দীন উমরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো, তিনি একজন একাডেমিক বুদ্ধিজীবী। তিনি জনগণতান্ত্রিক বিপ্লব চাইতেন, গণঅভ্যুত্থান চাইতেন, কিন্তু শেষ পর্যন্ত আকাক্সক্ষাটি ছিল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিগঠিত হওয়া, আর এজন্য তিনি অনবরত সমসাময়িক ইতিহাস বিশ্লেষণ করে গেছেন এবং জনগণের মধ্যে সেই আকাক্সক্ষাকে জাগ্রত করার চেষ্টা করেছেন।

এদিকে লেখক বলছি অনুষ্ঠানে আলোচনা করেন নাসির আলী মামুন এবং মোহন রায়হান। বিকেল ৪টায় ছিল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জাতিয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এ. বি. এম সোহেল রশিদ, মিজানুর রহমান, এনামুল হক জুয়েল। সংগীত পরিবেশন করেন আলম আরা মিনু, হাসান চৌধুরী, জাকির হোসেন আখের, পিয়াল হাসান, ফরহাদ হোসেন নিয়ন, অধ্যক্ষ আশরাফ শাহিন, মনির হোসেন, হাবিবুর রহমান রেখা সুফিয়ানা, মৌসুমী ইকবাল, জ্যোৎস্না, মিতা মল্লিক, রাফিজা আলম লাকি এবং নাতে রাসুল পরিবেশন করেন শাহিনুর আবেদিন। 

শনিবারের সময়সূচি, আয়োজনে যা থাকছে:

আজ শনিবার মেলার ১৭তম দিন। এইদিন সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে শিশুপ্রহর।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : মুসলিম সাহিত্য সমাজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন  মোরশেদ শফিউল হাসান। আলোচনায় অংশ নেবেন মমতাজ জাহান। সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!