ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বিসিবি ছাড়লেন ফাহিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯
বিসিবি ছাড়লেন ফাহিম
ছবি: সংগৃহীত

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। আগামী অক্টোবর থেকে তিনি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকছেন না। 

এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই যুগেরও বেশি সময়ের সম্পর্কের যবনিকা টানতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই অভিভাবক।

নাজমুল আবেদীন ফাহিমকে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক বলা হয়। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ের সবার শিক্ষক তিনি। সাকিব, তামিম, মুশফিক, মুমিনুলরা যখনই ছন্দহীনতায় ভুগেছেন, ছুটে গেছেন তার কাছে। তিনিও পরম মমতায় তাদের ভুল শুধরে দিয়েছেন। সবার অভিভাবক ফাহিম স্যারকে এখন আর বিসিবি চত্বরে দেখা যাবে না, এটাই সত্য।

২০০৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকুরি শুরু করা ফাহিম শুরুটা করেছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) দলের সিনিয়র কোচের দায়িত্ব নিয়ে। এরপর অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব শেষে অলংকৃত করেন ন্যাশনাল গেমস ডেভেলপমেন্টের ম্যানেজারের পদ। 

ছবি: সংগৃহীত

টানা দশ বছর তার অধীনে বেশ ভালোই চলছিল বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট বিভাগ। কিন্তু গেল বছরের এপ্রিলের দিকে কোনো এক অজানা কারণে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় নারী ক্রিকেট দলে।

প্রায় দেড় বছর নারী ক্রিকেট দলে কাজ করলেও বিসিবি তাকে নারী ক্রিকেট দলের সুনির্দিষ্ট কোনো পদে অধিষ্ঠিত করেনি। গেম ডেভেলপমেন্ট থেকে নারী দলে বদলির কাগজ ইস্যু করেই চুপ ছিল বিসিবি।  

এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘নোটিশ পিরিয়ড মাথায় রেখে আমি এক মাস আগেই সেপ্টেম্বরের ১ তারিখ পদত্যাগের কথা বলেছি বোর্ডে। তাদের জানিয়ে দিয়েছি এখন আর নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করা সম্ভব নয় আমার পক্ষে। আমি ব্যক্তিগত কারণে এখন আর ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে চাচ্ছি না। এটাই শেষ কথা।’

ডেইলি বাংলাদেশ/সালি
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!