সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত এনসিপির
আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
.png)
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশলগত বিষয়গুলো আলোচনা হয়। এ সময় জানানো হয়, এরইমধ্যে দেশের সব জেলায় এনসিপির জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে ২৩ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারজিস আলমকে এই সাংগঠনিক উপ-কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়। এছাড়া রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান থাকবেন। প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।
বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারোয়ার তুষার, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ, সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আরিফুল ইসলাম আদীব, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন উপস্থিত ছিলেন।