রাড্ডা পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে এ অনুদানের ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
.png)
এ সময় শফিকুর রহমান বলেন, আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।
তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণে জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করার কথাও বলেন তিনি।
জামায়াত আমির বলেন, প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয় তাহলে আমরা করব ইনশা আল্লাহ।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। তবে এ অভিযোগের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার তথ্য উল্লেখ করেননি।
তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা উচিত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক, অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।