ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

নিশি ।। পর্ব-১

ধারাবাহিক উপন্যাস
ইব্রাহীম খলিল জুয়েল
প্রকাশিত: ১৩:২৭, ১২ নভেম্বর ২০১৯
নিশি ।। পর্ব-১
অলঙ্করণ: মিজান স্বপন

এক.
রাত সাড়ে দশটা। খট খট, খট খট। দরজায় কে যেন নক করছে। সাজিদ দরজা খুলল। ‘এ কি নিশি এতো রাতে তুমি! সঙ্গে কে?’
‘কেউ না।’

‘একাই এসেছ? কী ব্যাপার শুনি?’

‘একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লে দেখছি। দূর দূর করে তাড়িয়ে দিবে নাকি? আমি কি ভিক্ষুক? আগে ভেতরে ঢুকি, তারপর বলি।’

‘ওহ... স্যরি, আই অ্যাম রিয়েলি স্যরি। এসো, ভেতরে এসো। কিন্তু আমি আসলে ঠিক বুঝতে পারছি না, একা একা এতো রাতে তুমি কেন!’

নিশি ঘরে গিয়ে খাটে বসলো। খাট ছাড়া বসার মতো অবশ্য আর কোনো জায়গা নেই। খাটের সাথেই লাগোয়া টেবিল। আলাদা করে চেয়ার নেই। সাজিদ দেখলো ক্ষোভ, অভিমান ও দুঃখে নিশির মন ভারাক্রান্ত। যার স্পষ্ট রূপ তার মুখায়বে ভেসে উঠেছে।

সাজিদ জিজ্ঞেস করলো, ‘কী ব্যাপার নিশি, মনে হচ্ছে তোমার মন ভীষণ খারাপ। কারো ওপর চটে আছো নাকি?’

‘সব পরে বলবো। আজ রাতে আমি এখানে থাকবো। ব্যবস্থা করা যাবে তো?’
‘কিন্তু এটা কিভাবে সম্ভব! আমি ব্যাচেলর, একা থাকি। তুমি এখানে কিভাবে থাকবে? তাছাড়া লোকে ভাববে কী?’

‘লোকের ভাবা রাখো। আমি আগে চাই আশ্রয়। অন্তত আজকে রাতটার জন্য। আর তুমিতো জানো- লোক, সমাজ এসব কিছুকে আমি কেয়ার করি না। আজকে আমার বিপদে, আমার প্রয়োজনে এ সমাজ কি আমাকে আশ্রয় দেবে? তবে বলার অধিকার তার কী আছে। আর বলে বলুক- আমি কান না দিলেই হলো।’

‘কিন্তু তুমি কেন বুঝছ না যে, এটা ওয়েস্টার্ন কান্ট্রি না। আজকে রাতে তুমি এখানে থাকলে সকালে অনেকে অনেক রকম মন্তব্য, সমালোচনা করবে।’

‘তাহলে কি তুমি বলছো ঠিকানাহীন মেয়েদের মতো আমি আজ রাস্তায় রাত কাটাবো?’ বলে সে উঠে দাঁড়ালো। সাজিদ জলদি করে ভেবে ফেললো- একটা প্যাঁচগোজ লেগেছে নিশ্চয়। কিংকর্তব্যবিমূঢ় হয়ে সে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং বললো, ‘ঠিক আছে বসো, কোনো অসুবিধা নেই।’

নিশি অনন্যোপায়ের মতো আবার বসলো এবং বললো, ‘কিসের জন্য এলাম তা তো জানতে চাইলে না।’

‘ওহ... স্যরি, সত্যিই স্যরি। এটাই তো আগে জানা দরকার ছিল। আচ্ছা ব্যাপারটা বলতো। আবার আরেকটা ভুল হতে পারে। তুমি নিশ্চয়ই কিছু খাওনি। পাতিলে অবশিষ্ট কিছু ভাত-তরকারি আছে। আগে খেয়ে নাও। তারপর...’
‘না, আমার ক্ষিধে নেই। চায়ের ব্যবস্থা করা যাবে?’

‘হ্যাঁ, সব কিছুই আছে। রান্নাঘরের তাকে আলাদা পটে চা, চিনি রেডি। তুমি বানিয়ে আনো।’
‘থ্যাঙ্ক ইউ। আমি চা বানিয়ে আনছি।’

সাজিদ ভাবতে লাগলো- কী হলো। এমন পাগলী মেয়েকে আজ এতোটা অসহায় দেখাচ্ছে কেন। নিশ্চয়ই ঘরে ঝগড়া করেছে। তা ছাড়া শোভনের সঙ্গে কিছু হয়নি তো? কিছু হলে তো জানতাম। ভার্সিটিতে সকালেও তো তার সঙ্গে দেখা হলো। অর্ধেকটা সিগারেটও বিনিময় হলো। কিছু হলে নিশ্চয়ই বলতো। ভাবতে ভাবতে সে আজকের দৈনিকের ওপর চোখ বোলাতে লাগলো। প্রতিদিন রাত এগারটার পর দৈনিক পত্রিকার খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে পড়া তার অভ্যাস। সকালে ব্যস্ততার কারণে শিরানাম আর গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ে। সে আরো ভাবতে লাগলো- তার এখানে নিশির রাতে থাকাটা মোটেও ভালো হচ্ছে না। শোভনের সাথে নিশির লাভ অ্যাফেয়ার্স। শোভন তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে পড়ে। নিশি পড়ে ইডেনে। অনার্সে। নিশিও তার বন্ধু। শোভনসহ ওরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দেয়। তাই বলে রাতে তার বাসায় থাকবে এটা কেমন হয়! শোভন জানলেই বা কিভাবে নেবে বিষয়টা! তাছাড়া তার রুমও একটি। একা থাকে। আর বিপদে পড়লেও তার এখানেই আসার সিদ্ধান্ত কেন নিলো? আরো তো অনেক জায়গা ছিল। আত্মীয়-স্বজন তো আছে। যা হোক। আর কিছু বললে রাগে বেরিয়ে গেলে রাস্তায় আরেক বিপদে পড়তে পারে। এমনিতেই ওর রাগ বেশি।

নিশি চা নিয়ে এলো। সাজিদকে এক কাপ দিয়ে আরেকটি কাপ নিজে নিয়ে আগের জায়গায় বসে পড়লো। চায়ে চুমুক দিয়ে নিশি বললো, ‘খুব ভালো হয়নি।’

একটু থেমে আবার শুরু করলো, ‘সকাল বেলায় ভাবির সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেল।’

সাজিদ পত্রিকার পাতাতেই চোখ স্থির রেখেছে। সে একটি সিগারেট ধরিয়ে নিলো। চা খাওয়ার সময় সাথে একটা সিগারেট হলে চায়ের আমেজটাই ভিন্ন মনে হয়।

নিশির কথা সে শুনছে এবং মাঝে মাঝে ফিডব্যাক দিচ্ছে। এতোক্ষণে তার উদ্বেগ অনেকটা কমে এসেছে।

নিশি বললো, ‘ভাইয়া আর ভাবি নাকি গতকাল বিকেলে রমনা পার্কে দলবলসহ শোভনকে গাঁজা খেতে দেখেছে। তা ছাড়া শোভন সম্পর্কে আগেই তারা অনেক কিছু ইনফর্মড। সে ড্রিংক করে, উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলে। ভাবি আমাকে ভালোভাবে শাসিয়েছে, যদি আর কোনোদিন শোভন আর আমার সম্পর্কে কিছু শোনেন এবং শোভনের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এমন কোনো প্রমাণ পান, তাহলে অতি জলদি আমার কোনো ব্যবস্থা করবেন। কিংবা আমাকে গ্রামের বাড়িতে চলে যেতে বলেছেন।

‘তুমি কী বললে?।’

‘আমি আর কী বলবো। বললাম, তোমাদের বোঝা হয়ে আর থাকতে চাই না। এই বলে বেরিয়ে এলাম। তারপর কলেজে গিয়ে যোগাযোগ করলাম হোস্টেলে উঠার ব্যাপারে। সামনে মাসে হয় তো একটি সিট পাওয়া যেতে পারে। মাসের ভাঙা কয়টি দিন কোনো বান্ধবীর সঙ্গে থাকবো অথবা গ্রামে চলে যাবো। এর আগে কাল শোভনের সঙ্গে আমার চূড়ান্ত কথা হয়ে যাবে।’

‘কিন্তু তোমার ভাই-ভাবি কিভাবে দেখলো এবং বুঝলো শোভন গাঁজা খাচ্ছে?’
‘গতকাল শুক্রবার ছিল। ভাইয়া-ভাবি বিকেলে উদ্যানে বেড়াতে গিয়েছিল। তারা যে গাছটার তলায় বসেছিল, তা থেকে অল্প দূরেই শোভনদের আসর বসেছিল। তাদেরকে হয়তো তারা গাঁজা বানাতে দেখেছিল। ভাইয়া তো এসব বিষয় দেখলেই বুঝে ফেলে।’

‘তোমার ভাইও হয়তো এক সময় খেতো।’মৃদু হেসে সাজিদ বললো। ‘না হলে বুঝলো কিভাবে?’

নিশি স্বাভাবিকভাবেই বললো, মাদক নিয়ে ভাইয়া অনেক কাজ করেছে। মাদকবিরোধী একটি ক্যাম্পেইন ছিল ভাইয়াদের। যার দাবি ছিল, মাদকমুক্ত নতুন প্রজন্ম। মাদক নিয়ে যে কাজ করে সে কি এসব বুঝবে না? আর আমি শিওর ভাইয়া কখনো এগুলো স্পর্শও করেনি।’

সাজিদ আবার হেসে বললো, ‘না, এমনিতেই তোমাকে খ্যাপানোর জন্য বললাম। তোমার ভাই ছিল স্টুডেন্টস অ্যান্টি স্মোক কমিটির সাধারণ সম্পাদক। আমার সাথে আলাপ হয়েছে।’

‘কিন্তু শোভন গাঁজা খায়, মাঝে মাঝে ড্রিঙ্ক করে সেটা তো আমি জানি। জেনে শুনে ভাবির সঙ্গে কিভাবে তর্ক করি। আমি শোভনকে অনেক বোঝাতে চেষ্টা করেছি। সে বলেছে সময় হলে ছেড়ে দেবে। কিন্তু আমি আর সময়ের অপেক্ষায় নেই। কালই ওর সঙ্গে আমার শেষ বোঝাপড়া।’ বলতে বলতে রোষে নিশির চোখ মুখ লাল হয়ে এলো।

‘ঠিক আছে কাল শোভনের সাথে তোমার দেখা করার ব্যবস্থা করবো। এখন রাত অনেক হয়েছে। সাড়ে বারোটা। শোবার ব্যবস্থা করতে হবে। একটি রুম, একটি খাট।’

নিশি আশ্বস্ত করে বললো, ‘চিন্তার কোনো কারণ নেই। বসেই রাত কাটিয়ে দিতে পারবো। গল্প করবো। আর তুমি যদি ঘুমাও ঘুমিয়ে পড়ো। সমস্যা নেই। আমি ফ্লোরিং করবো।’

সাজিদ আপত্তির স্বরে বললো, ‘বরং আমিই ফ্লোরিং করি।’

‘না। তার দরকার নেই। তোমার কোনো কষ্ট হোক এটা আমি চাই না।
‘আচ্ছা ঠিক আছে।’ বলেই কৌতূহলের দৃষ্টি নিয়ে নিশির দিকে তাকিয়ে সাজিদ বললো, ‘আচ্ছা বলতো তোমার অনেক আত্মীয় থাকতেও তুমি আমার এখানে চলে এলে কেন? আর শোভনই বা কী মনে করবে?’

‘তোমাকে আমি অনেক দিন থেকেই জানি। তাই তোমাকে নিরাপদ মনে করেছি। কোনো আত্মীয়ের বাসায় যেতে ইচ্ছে হচ্ছিলো না। আর আমিতো খুবই কনফিডেন্ট। শোভনও আমাকে চেনে। তাই কোনো সমস্যা হবে না। সে বিশ্বাস আমার আছে।’

সাজিদ খাটে শুয়ে বেশিক্ষণ দেরি করেনি। ঘুমিয়ে পড়েছে। নিশির ঘুম আসেছ না। মশার উৎপাত আছে। কিন্তু চাদর মুড়ে থাকার কারণে মশা সুবিধা করতে পারছে না। সকালের ঘটনাগুলো তার ভীষণ মনে পড়ছে। ভাইয়া হয়তো রাতে এসে ভাবির সঙ্গে ঝগড়া করেছে। কিন্তু ভাবি তো ভাইয়ার কথা ছাড়া বলেনি। তার চোখ ভিজে এলো। সে ঘুমাতে চেষ্টা করছে।


দুই.

ভোরবেলা কাক ডাকার আগেই সাজিদ উঠে পড়লো। বুয়া আসতে দেরি হতে পারে। তাই সে নিজেই দুপুরের জন্য ভাত চড়ালো। ব্রেকফাস্ট বাইরে করবে নিশিকে নিয়ে। নিশিও এতোক্ষণ অর্ধজাগ্রত ছিল। হাঁড়ি-পাতিলের ঠুন্-ঠান্ শব্দ শুনে উঠে বসলো। সাজিদকে জিজ্ঞেস করলো-

‘কি করছো?’

‘দুপুরের জন্য রান্না করছি। বুয়া আসতে দেরি হবে। তোমাকে নিয়ে বাইরে যাবো। ঘরে তালা থাকবে। এতেই বুয়া বুঝবে আজ তার আধাবেলা ছুটি।’

নিশি আপত্তির স্বরে বললো, ‘কিন্তু আমাকে ডাকলেই পারতে।’

‘এটা কোনো কঠিন কাজ নয়। এতে আমি অভ্যস্ত। দু’বছর কলেজের হোস্টেলে থেকেছি। মাঝে মাঝে রেঁধে পাকা বাবুর্চি হয়েছি।’

ঘণ্টা দু’য়েক পর তৈরি হয়ে তারা বেরিয়ে পড়লো। রিকশা করে সোজা ক্যাম্পাসে গেল। মধুর ক্যান্টিনের সামনে নামলো এবং নাস্তা করার জন্য ক্যান্টিনে ঢুকলো। নিশিকে ক্যান্টিনে রেখে সাজিদ সূর্যসেন হলে গেলো। ফোন বক্স থেকে শোভনকে ফোন দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এক ঘণ্টার মধ্যে আসার জন্য বললো। তারপর নিশি ও সাজিদ সোহরাওয়ার্দী উদ্যানের চিহ্নিত স্থানটির দিকে অগ্রসর হলো। সাজিদ ও নিশি একটি গাছের নিচে বসলো। তারা শোভনের জন্য অপেক্ষা করতে লাগলো।

বসন্তে প্রকৃতির চেহারা বদলে গেছে। গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে। কৃষ্ণচূড়া, শিমুল রক্তবর্ণ ধারণ করেছে। ফুটেছে চাঁপা। দখিনা হাওয়ায় মন কেমন উড়ে উড়ে যায়। বসন্ত তারুণ্যের ঋতু। শরীর, মনকে কেমন শিহরিত করে।

তারা উদ্যানে বসে ঋতুরাজ বসন্তকে অনুভব করছে। হঠাৎ এক দমকা হাওয়ায় উড়িয়ে আনা ধূলো আর শুকনো পাতা তাদের কৃত্রিম সাজগোজকে কিছুটা ম্লান করে দিলো। কিন্তু তারা অনড়; দেখে মনে হচ্ছে শোভনের মতো গাঁজা খেয়ে তারাও যেন প্রকৃতির ধ্যানে বসেছে।

সাজিদ প্রথম গেটের দিকে তাকিয়ে বললো,‘শোভন আসছে।’
নিশি একবার দেখে নিলো। তারপর ঘাড় ঘুরিয়ে দূরে একটি কোকিল আপন মনে গান গাইছে তা শুনতে লাগলো। শোভন ডানে বামে তাকালো। তারপর দূরে বসে থাকা সাজিদ ও নিশিকে দেখে এগোতে লাগলো।

সাজিদ বললো, ‘কি- নবাবজাদা এতোক্ষণ লাগলো কেন?’

শোভন বললো, তুই যখন ফোন করেছিস তখন আমি ঘুমাচ্ছিলাম। আসকর ডেকে দিলো। তৈরি হয়ে আসতে এ সময়টুকু লাগলো। এবার নিশির দিকে তাকিয়ে বললো-
‘কেমন আছো নিশি?’

‘ভালো না।’

‘উত্তরটা আমার প্রতি তোমার অভিমানের প্রকাশ।’

‘ভেরি গুড। এতো সহজে ধরতে পারার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে কম বাক্য ব্যয় করতে হলো।’

শোভন মৃদু হেসে বললো, ‘কিন্তু কেন অভিমান তা কি শুনতে পারি?’

সাজিদ মধ্যস্থকারীর ভূমিকায় বললো, ‘অভিমান-টভিমান বুঝি না। এখন থেকে তুই আর কোনো নেশা করবি না। তোর জন্য আরেকজন সাফার করবে এর কোনো অর্থ হয় না।’

শোভন মুখ খুললো, ‘আমিতো কাউকে সাফার করতে বলিনি।’

‘এখন তুই কি এসব ছাড়বি কি-না তাই বল।’

শোভন নিশির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললো, ‘আচ্ছা নিশি তুমি কি এ জন্য আমার ওপর রাগ করেছ?’ এ জন্য তোমাকে কী সাফার করতে হয়েছে শুনি?’

নিশি অভিমানের স্বরে বললো, ‘কিছুই হয়নি। শুধু অনিশ্চয়তার দিকে আমাকে পা বাড়াতে হচ্ছে। তোমার এ সব কিছু তো আর সবাই মেনে নিতে পারবে না। ভাইয়া-ভাবি জেনে ফেলেছে। এখন আমার ওপর সান্ধ্য আইন জারি করেছে তোমার ব্যাপারে। আর তা ছাড়া তুমি ভার্সিটিতে পড়ছো। একজন সচেতন মানুষ তুমি। সামাজিক মূল্যবোধ সম্পর্কেও জানো। এ সমাজ কী ঘৃণা করে, কী পছন্দ করে তাও তুমি জানো। এরপরও বিভিন্ন মাদক ও নেশা তোমাকে এভাবে পেয়ে বসলো কিভাবে?’

শোভন নিশিকে উদ্দেশ্য করে বললো, ‘তুমি দেখছি সমাজের খুব ভক্ত হয়ে গেছো। এতোদিন যে বিদ্রোহের বাণী উচ্চারিত হয়েছিল তা আজ লুকিয়ে গেল মনে হচ্ছে।’

‘একটি মেয়ে হিসেবে আমার কিছুটা সীমাবদ্ধতা আছে। সমাজকে না মানেলও ফ্যামিলিকে মানতে হবে। না হলে শুধু বিপদই ডেকে আনবো।’

শোভন এবার দৃঢতার সঙ্গে বললো, ‘কিন্তু আমি তোমাকে একদিনই বলেছি, সময় হলে আমি সব ছেড়ে দেবো।’

নিশি অধৈর্য হয়ে বললো, ‘কিন্তু আমি আর সময়ের অপেক্ষায় নেই। কবে সে সময় হবে তা আমি জানি না। এ মুহূর্তে যদি তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাতে পারো তবে আমার জীবনের রাস্তাটিও হয়তো অনেকটা সহজ হবে।’

‘বাট আই হ্যাভ নাথিং টু ডু। ইউ ক্যান গো অন ইয়োর ওয়ে। প্লিজ লেট মি লিভ এলোন।’ কথাগুলো শোভন অনর্গল বলে গেলো।

নিশি লক্ষ করলো এই পৃথিবীর কোনো সৌন্দর্য শোভনকে স্পর্শ করছে না; কোকিলের কুহুতান তার কাছে অর্থহীন। সিম্পল সাজে নিশির অপরূপ রূপ তাকে আকৃষ্ট করছে না। নিশির বুঝতে দেরি হলো না, যে নেশা শোভনকে পেয়ে বসেছে তা হয়তো এতোদিনে তাকে অনেকটা বিকৃত ও অকেজো করে দিয়েছে। কেড়ে নিয়েছে তার রুচিবোধ ও ভালো লাগার অনুভূতি। গত সেমিস্টার পরীক্ষা তার খুব খারাপ হয়েছে এবং আগামী সেমিস্টার না দেয়ার চিন্তা করছে, এ খবর নিশি পেয়েছে। মুহূর্তের মধ্যে শোভনের ভবিষ্যৎকে সে পুরোপুরি ভেবে নিতে পারলো না। তবে মানসচক্ষে যেটুকু দেখেছে তাতে তার ধ্বংসাত্মক দিকটাই স্পষ্ট। এর থেকে বেরিয়ে আসতে পারবে কি না তা নিশির অজানাই রয়ে গেলো। নিশি এটাও বুঝতে পারলো যে, কোনো কথাতেই তাকে শোধরানো যাবে না। তাই পরক্ষণেই সে শোভনকে বললো, ‘ঠিক আছে আজই তোমার সঙ্গে আমার শেষ দেখা’। বলে সে উঠে পড়লো এবং সাজিদকে বললো তোমাকে অসংখ্য ধন্যবাদ সাজিদ। তুমি আমার জন্য অনেকটা করেছ। এ জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ।’

কারো জন্য কিছু করলে বিনিময়ে ধন্যবাদ পাওয়া যায়। এই আনুষ্ঠানিকতা শেষে সবাই নিজ কাজে নিয়োজিত হয়। অনেকে তো এ ধন্যবাদটুকু পাবে এ আশা না করেই অন্যের জন্য কিছুটা বিসর্জন দেয়। এতে সে তৃপ্ত হয়। ধন্যবাদটা এখানে মহাপ্রাপ্তির আনন্দ এনে দেয়।

সাজিদ ভাবতে লাগলো- নিশির জন্য সে তেমন কিছুই করতে পারেনি। কিন্তু নিশি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকারের পর থেকে মনে হলো হয়তো অনেক কিছুই করেছে। নিজেকে মহৎ মনে হতে লাগলো। নিশি চলে যাচ্ছে দেখে তার ভেতরটা কেন জানি শূন্যতায় ভরে গেল। সে কিছুই বুঝতে পারছে না।

শোভনের ভীষণ ইচ্ছে হচ্ছিলো একবার নিশিকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। কিন্তু দমে গেলো। নিশি গাম্ভীর্যপূর্ণ কদমে গেটের দিকে এগিয়ে যাচ্ছে, তার কাঁধের ব্যাগটি কিঞ্চিত দুলছে। শোভন ও সাজিদ সে দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই নিশি অদৃশ্য হলো। সে নিশ্চয়ই ঘরে ফিরে যাবে না। হয়তো কোনো অনিশ্চিতের পথেই পা বাড়িয়েছে।

এতোক্ষণের ব্যাপারগুলোকে সাজিদ খুব সিরিয়াসলি নিয়েছে। তাই সে এখনো নির্বাক। দূরে পাতাবিহীন একটি গাছের ডালে বসে কাক কা-কা করছে। সাজিদ মনোযোগ দিয়ে তাই শুনছে ...।

শোভনই প্রথম এতোক্ষণের নীরবতা ভাঙলো। সাজিদকে বললো, ‘কী ফ্রেন্ড কি দেখছিস। এভাবে চুপ করে আছিস কেন?’

‘কই? এমনিতেই। মনটা ভালো লাগছে না।’

সাজিদ এখন নিজেকে একেবারেই হালকা করতে চাচ্ছে। এতোক্ষণ যা হয়েছে এটা তো তার কোনো ব্যাপার নয়। তা ছাড়া তার মনে এর দাগ কাটার কোনো কারণ নেই। পৃথিবীটা অনেক দ্রুত গতিতে চলছে। সামান্য কোনো ঘটনায় মন খারাপ করার সময় নেই। তাই হঠাৎ করেই সে হাসতে শুরু করলো, প্রাণখোলা হাসি। হা- হা- হা-হো-হো-হো-হো-।

শোভন বিস্মিত হয়ে তার দিকে তাকালো। হঠাৎ সাজিদের এ রকম পরিবর্তন দেখে একটু ভরসা পেলো। আশ্বস্ত হলো। এতোক্ষণ সেও কিংকর্তব্যবিমূঢ় ভঙ্গিতে বসেছিল। অবশ্য তাকে দেখে মনে হচ্ছিলো পুরোটাই ফর্মালিটি। যার ঘটনা তার আবেগকে কিছুমাত্র স্পর্শ করেনি বলেই মনে হচ্ছিলো। সে সাজিদকে চুপি চুপি বললো, ‘দোস্ত কিছু মনে করিস না একটু টেনে নিই। আজকে বাসা থেকেই সিগারেটের ভেতর ভরে এনেছি। কোনো ঝামেলা নেই। লোকে ভাববে সিগারেট খাচ্ছে। পার্কে বসে বানাতে গেলে অনেক ঝামেলা। ডলাডলিতেই সবাই বুঝে ফেলে। আজ একেবারেই রিস্ক-ফ্রি বুঝলি, হে-হে-হে-।’

ওরা কথা বলতে বলতে পার্কের বাইরে চলে এলো। রাস্তা অনেকটা ফাঁকা। হেঁটে চলেছে। পকেট থেকে লাইটার বের করে গাঁজা ভর্তি একটি সিগারেট ধরিয়ে আপন মনে টানতে লাগলো শোভন। সাজিদ থেকে থেকে উন্মাদের মতো হাসছে। শোভনের চোখ আস্তে আস্তে লাল হয়ে আসছে। তার একটু একটু করে ধরছে। সাজিদকে বললো- দোস্ত একটা টান দে-না। দেখবি ফিলিংসটাই অন্যরকম। মনে হবে তুই রাজা হয়ে গেছিস। হেলে দুলে হেঁটে যাচ্ছিস, প্রজারা তোকে কুর্র্নিশ করছে।’

সাজিদ বললো, ‘নারে। আমি ইভেন সিগারেটটা পর্যন্ত ছাড়ার চেষ্টায় আছি। আর আমার মায়ের হাত ধরে কসম খেয়েছি কোনোদিন এ সব কিছু স্পর্শ করবো না। এখন চল আমার বাসায় যাই। আজকের দিনটা তো সম্পূর্ণ মাটি হলো। না হলো ক্লাস করা, না হলো অন্য কিছু। টিউশনিতে যেতেও মন চাইছে না।

শোভন পান্ডিত্যের স্বরে বললো, ‘সব হবে। এতো বড় জীবন। হাজার হাজার দিনের সমষ্টি। দু’য়েকদিন ব্যতিক্রম হলে এমন কিছু যায় আসে না। আর যদি ব্যতিক্রমই না করলি তাহলে জীবনের স্বাদ পেলি কোথায়? পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা কেউ ধরা বাধা নিয়মের অধীনে ছিল না। ঠিক আছে চল। আমাকে একটু ধরে নিস, নেশা এখনো কাটেনি।’

সাজিদ ও শোভন হাঁটছে। সাজিদ শোভনের ডান বাহুতে হালকাভাবে ধরে রাখলো। শোভন হাঁটতে হাঁটতেই কোল্ড ড্রিংসের ছোট একটি বোতলের মুখ খুলে গলায় ঢাললো। সাজিদ বললো, ‘কোল্ড ড্রিংসের গন্ধটা এমন তিতকুটে কেন রে?’
শোভন বললো, ‘এটা সফট ড্রিংস না। অ্যালকোহল। এই বোতলে ভরে এনেছি, কেউ বুঝতে পারবে না।’ সাজিদের চোখে বিস্ময়।

তারা রিকশা নিলো। নিশির কথা তাদের কারো মনে পড়ছে না।

[নোট: এই উপন্যাসের সকল চরিত্র ও ঘটনা কাল্পনিক। বাস্তব জীবনে কারো সঙ্গে মিলে গেলে কেবলই কাকতালীয়। (প্রথম প্রকাশ: ১৯৯৬)। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনেক জটিল রোগের কারণ]

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!