স্ত্রীর অ্যাকাউন্টে এলো ৩০ কোটি টাকা, ঘটেছে অবাক কাণ্ড
অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য হাতে নেই টাকা। সেই দুঃসময়ে ফুল ব্যবসায়ী স্বামীর দরজায় দাঁড়ালেন ব্যাংকের কর্মকর্তারা। স্ত্রীর অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা জমা রয়েছে বলে জানান তারা। এতেই স্বামীর চোখ চড়কগাছ। তবে এ নিয়ে একের পর এক ঘটে অবাক কাণ্ড। চক্রান্ত, মামলাসহ বেশ কয়েকটি ঝামেলা পোহান ওই স্বামী-স্ত্রী।-খবর আনন্দবাজার পত্রিকার।
সংবাদমাধ্যমটি জানায়, কর্নাটকের চান্নাপাটনা শহরের সাধারণ ফুলের ব্যবসায়ী সইদ মালিক বুরহান। হঠাৎ তার বাড়িতে এসে স্ত্রীর অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা জমা পড়ার খবর দেন ব্যাংকের কর্মকর্তারা। ওই সময় ব্যাংক কর্মকর্তারা তাদের কাছে এতো টাকা আসার উৎস জানতে চান। কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী এ নিয়ে সদুত্তোর দিতে পারেননি। পরে তাদের ব্যাংকে যাওয়ার নির্দেশনা দিয়ে যান কর্মকর্তারা।
ব্যবসায়ীর দাবি, ব্যাংক কর্মকর্তারা একটি নথিতে তার স্বাক্ষর নিতে মানসিক চাপ সৃষ্টি করেন। তবে কোনো নথিতে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।
.png)
ব্যবসায়ী সইদ জানান, বেশ কয়েকদিন আগে স্ত্রীর জন্য অনলাইন থেকে একটি শাড়ি কেনেন। পরে সেখান থেকে একটি কল আসে। কলে তারা লটারিতে একটি গাড়ি জেতার খবর জানিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জানতে চায়। তাই স্ত্রীর অ্যাকাউন্টের তথ্য তাদের জানিয়ে দেন তিনি। এতে বিশাল অঙ্কের টাকা জমা পড়তে পারে বলে তার ধারণা।
তার দাবি, এ নিয়ে আয়কর দফতরে অভিযোগ করেছেন। তবে তার অভিযোগ গুরুত্ব দেয়া হয়নি। পরে তিনি চান্নাপাটনা থানায় একটি তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।
চান্নাপটনা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সইদের স্ত্রীর অ্যাকাউন্টে অনেক লেনদেন হয়েছে, যা তিনি নিজেও জানেন না। এসব লেনদেনের পিছনে থাকা জড়িতদের খোঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।