ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৯ আগস্ট ২০১৯
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ফাইল ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এ ঘটনায় ব্যবস্থা নিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

২৬ আগস্ট সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের পক্ষে লিখিত অভিযোগ করেছেন সভাপতি এইচ.এম আরাফাত ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অভিযোগে তারা জানান, ভোমরা স্থলবন্দর বাংলাদেশের অন্যান্য বন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। এ বন্দরের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঢাকার দূরত্ব কম। তাই আমদানি করা পণ্যের দামও কম থাকে। কিন্তু বিভিন্ন সেবার চার্জ নিয়েও বন্দরের ব্যবসায়ীদের সেসব সেবা দিচ্ছে না কর্তৃপক্ষ। এ কারণে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাচ্ছেন। এতে পণ্য আমদানি কমে যাচ্ছে ও দাম বেড়ে যাচ্ছে।

Advertisement

ছবি: সংগৃহীত

অভিযোগে আরো বলা হয়, ভারত থেকে ৪০ মেট্রিক টন পাথরের একটি ট্রাকের ছাড়পত্র নিতে প্রতি মেট্রিক টনে লেবার খরচ দেয়ার কথা ৮৫ টাকা ৬৩ পয়সা। কিন্তু ওই পাথর খালাস করতে আমদানিকারকদের আরো দুই-তিন হাজার টাকা বেশি দিতে হয়। এছাড়া লেবারও বাইরে থেকে আনতে হয়। এছাড়া নাইট চার্জ, সার্ভিস চার্জসহ আরো অনেক খরচ আছে যা দেশের অন্য বন্দরগুলোতে নেয়া হয় না।

এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে সিঅ্যান্ডএফ নেতাকর্মীরা বলেন, লেবার বিল, নাইট চার্জ, সার্ভিস চার্জসহ সব খরচ অন্যান্য বন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখেই আদায় করতে হবে। ৯ সেপ্টেম্বরের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!