ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পণ্যের মানের বিষয়ে কারো সঙ্গে আপোষ নেই: বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ৯ মার্চ ২০২০
পণ্যের মানের বিষয়ে কারো সঙ্গে আপোষ নেই: বিএসটিআই
বিএসটিআই প্রধান কার্যালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে গণশুনানিতে সংস্থাটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন

পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপোষ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

সোমবার তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে গণশুনানিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসটিআই’র সেবাকে আরো জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।

মহাপরিচালক বলেন, বিএসটিআই মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এরইমধ্যে আমরা কোম্পানিগুলোকে লিখিতভাবে জানিয়েছি প্রতি তিন মাস পরপর কোম্পানির ল্যাবরেটরিতে পণ্যের পরীক্ষণ সনদ বিএসটিআইকে দেয়ার জন্য।

Advertisement

পণ্যের মানোন্নয়নে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ মনিটরিং জোরদার করার বিকল্প নেই বলেও জানান তিনি। 

গণশুনানিতে বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রাণ আরএফএল গ্রুপ, ইউনলিভার বাংলাদেশ লিমিটেড, রেকিড বেনকাইজার, ইউনিমেড ইউনিহেলথ লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআই’র সেবা অতীতের চেয়ে দ্রুত সময়ে দেয়া হচ্ছে। তবে আমদানি করা পণ্যের ক্ষেত্রে কিভাবে আরো কম সময়ে সেবা দেয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে বিএসটিআইকে অনুরোধ জানান।

তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন বিএসটিআই মহাপরিচালক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!