ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ঢাকায় এসে যা বললেন ভারতের সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২০
ঢাকায় এসে যা বললেন ভারতের সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ
ভারতের প্রখ্যাত সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ- ছবি: সংগৃহীত

সৌন্দর্য বিকাশের পাশাপাশি এ বিষয়ক নানাবিধ রোগের সমস্যার সমাধান নিয়েও কাজ করেন ভারতের প্রখ্যাত সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ।

প্রাকৃতিক ও জৈব উপাদানে নির্ভর করে অনিদ্রা, মাইগ্রেন, অ্যাসিডিটি ও আর্থারাইটিসের মতো গভীর অসুখ নিরাময়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে অ্যারোমাকে নতুন আঙ্গিকে হাজির করেছেন তিনি।

এসব উদ্ভাবন নিয়ে ঢাকায় উপস্থিত হচ্ছেন তিনি। আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি বসুন্ধরা বিমস্টেক আয়ুষ ট্রাডিশনাল হেলথ কেয়ার প্রাকৃতিক ও জৈব পণ্য এক্সপো ২০২০-এ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ এক্সপোতে তিনদিনই কেয়া শেঠ উপস্থিত থাকবেন ১০১ ও ১০২ নম্বর স্টলে।

এসব তথ্য জানাতে বুধবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেয়া শেঠের প্রতিষ্ঠান ‘কেয়া শেঠ অ্যারোমাথেরাপি (বিডি) প্রাইভেট লিমিটেড’।

আমার হৃদয়ে বাংলাদেশের জন্য রয়েছে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: কেয়া শেঠ। ছবি: সংগৃহীতআমার হৃদয়ে বাংলাদেশের জন্য রয়েছে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: কেয়া শেঠ। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের বিস্তারিত তুলে ধরে কেয়া শেঠ বলেন, আমার উদ্ভাবিত পণ্য আগে আমরা নিজেরাই ব্যবহার করি। নিজেদের ওপর প্রয়োগ করি। তারপর ভারত সরকারের ড্রাগ কন্ট্রোর বিভাগ থেকে অনুমতি নিয়ে তবেই সাধারণ মানুষের জন্য প্রকাশ করি। সারাবছর ধরে আমার গবেষণাগারে প্রতিটি বিষয়কে আরো উন্নত করার গবেষণা চলছে। বস্তুত এ কারণে আমার প্রতিটি পণ্যের মডেল আমি বা আমার ছেলে-মেয়েরা। আসলে আমি নিজে যা উপলদ্ধি করি, অনুভব করি তাই প্রকাশ করি।

এই সৌন্দর্য বিশেষজ্ঞ আরো বলেন, আমার অ্যারোমা পণ্যর বাংলাদেশে চাহিদা বাড়ছে। ইতোমধ্যে বাংলাদেশের চট্টগ্রামের আমাদের কারখানা স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের পণ্য যেমন বাংলাদেশে সুলভ হবে তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থানও। এছাড়া কোম্পানী নথিভুক্ত করে ঢাকায় অফিস খুলে এই চিকিৎসাকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর কাজ ইতোমধ্যে শুরুও করেছি।

দেশি এই চিকিৎসাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে এদিন ঢাকায় সাংবাদিকদের কাছে সাহায্য ও পরামর্শ চেয়েছেন ভারতীয় এই সৌন্দর্য বিশেষজ্ঞ। পাশাপাশি বাংলাদেশ নিয়ে নিজের উপলদ্ধির কথা ব্যক্ত করতে গিয়ে কেয়া শেঠ বলেন, আমার জন্ম কলকাতায় বাঙালি পরিবারে, বাঙালি হিসেবেই আমার গর্ব। বিশেষ করে যে দেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দেন, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিনিয়ে এনেছেন, তাদের আমি কুর্ণিশ করি, শ্রদ্ধা জানাই। তাই বলতে দ্বিধা নেই, আমার হৃদয়ে বাংলাদেশের জন্য রয়েছে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বস্তুত এ কারণে এশিয়া মহাদেশের পুরনো চিকিৎসা পদ্ধতি অ্যারেমাথেরাপিকে বাংলাদেশের মানুষের কাছে আরো পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি।

প্রসঙ্গত, কেয়া শেঠ বর্তমানে অ্যারোমা থেরাপি বিষয়ক ২৪০টি বিভিন্ন অসুখের পণ্য ও সৌন্দর্য বিকাশের পণ্য বাজারজাত করছে। পাশাপাশি লাইফস্টাইল নিয়ে প্রকাশিত ‘অদ্বিতীয়া’ নামে একটি ম্যাগাজিনেরও সম্পাদক তিনি। ভারতে তিনি দু’বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তার অর্জনে।

ডেইলি-বাংলাদেশ/আরএজে
লিংক সফলভাবে কপি হয়েছে!