ডিএনসিসির ভুয়া কর্মকর্তা গ্রেফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগের জরিপ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম (আমিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের সামনে থেকে বুধবার সকাল ১০টায় তাকে গ্রেফতার করে পুলিশ।
আমিনুল নিজেকে ডিএনসিসির জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স করে দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
.png)
পরবর্তীতে জনৈক অসীম কর্মকার ডিএনসিসি অফিসে জানান, মো. আমিনুল ইসলাম (আমিন) জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছ থেকে ট্রেড লাইসেন্স করিয়ে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা নেন। অনেকদিন অতিবাহিত হলেও তাকে কোনো ট্রেড লাইসেন্স দেয়া হয়নি, এমনকি তিনি ফোনও রিসিভ করেন না। তখন সম্পত্তি বিভাগ হতে জানানো হয়, এ নামে ডিএনসিসিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী নাই। যদি কখনো তার সন্ধান পাওয়া যায় তাহলে ডিএনসিসিকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ‘মো. আমিনুল ইসলাম (আমিন), জরিপ কর্মকর্তা, সম্পত্তি বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’ পরিচয়ের একটি কার্ড জব্দ করা হয়। বাড্ডা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম জানান, তার প্রকৃত নাম মো. আমিন মিয়া (৪৭)। তিনি হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি রংপুরের কোতোয়ালী থানার দখীগঞ্জ গ্রামে।