ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খবর ]

ঝালকাঠিতে করোনায় থানকুনি পাতার গুজব!

ঝালকাঠী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১৮ মার্চ ২০২০
ঝালকাঠিতে করোনায় থানকুনি পাতার গুজব!
ছবি: ডেইলি বাংলাদেশ

তুলসী পাতার পর এবার থানকুনি পাতায় করোনা রোধ হবে গুজবে ঝালকাঠিতে হুড়োহুড়ি শুরু হয়েছে। বুধবার ভোর রাত থেকে এ গুজব ছড়িয়ে পড়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে। মুঠোফোনে আত্মীয় স্বজনের কাছে ভোর রাত ৪টা থেকে ফোন আসতে শুরু করে।

কাঁঠালিয়ার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পাশের বাসিন্দা নুরনবী তালুকদার বলেন, ভোর রাতে তার ফোনে ২৯টি কল আসে। নিরুপায় হয়ে তিনি ঘুম থেকে জেগে ফোন রিসিভ করেন। 

তার স্বজনরা এ সময় ফোনে জানান, ‘কেউ স্বপ্নে পেয়েছেন তিনটি থানকুনি পাতা খেলে করোনা আক্রান্ত করতে পারবে না’। তাই ভোর হওয়ার আগেই খালি পেটে থানকুনি পাতা খেতে খাওয়ার পরাপর্শ দেয়া হয় তাকে। কেবল নুর নবী নামের ওই যুবকই নয়, শহরের অসংখ্য মানুষ ভোর রাতে থানকুনি পাতা খাওয়ার এমন ফোন পান। আর অনেকেই থানকুনি পাতা খাওয়ার ও কথা জানিয়েছেন।

সকালে শহরের প্রধান বাজারে দেখা গেছে ১০ টাকার থানকুনি পাতা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তার তা কিনতে ভিড় পড়ে গেছে। সকাল ৮ টার মধ্যে পাতা বিক্রি শেষ হয়ে যায়। পরে গ্রামাঞ্চলে থানকুনি পাতা সংগ্রহে ছুটতে দেখা যায় অনেককে।

এ ব্যাপারে ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, করোনার প্রতিকারে থানকুনি পাতা খাওয়াটা সম্পূর্ণ গুজব। এ গুজব প্রতিরোধ করতে হবে। করোনার কোনো প্রকার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ কিংবা হটলাইনে ফোন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার।

এর আগে সাতটি তুলসী পাতা খেলে করোনা ছড়াবে না এমন গুজব ছড়িয়ে পড়ে ঝালকাঠি জেলা জুড়ে। তখনও তুলসী পাতার খাওয়ার হিড়িক ওঠে। আর সে ভ্রান্ত প্রতিকারটিও স্বপ্নে পাওয়া যায় বলে ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!