ছয় বছর পর ট্রাক্টর বুঝে পেল কৃষক
রাজবাড়ীতে ছয় বছর মামলা শেষে ট্রাক্টর বুঝে পেয়েছে কৃষক আব্দুল আজিজ শেখ।
তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে।
সোমবার দুপুরে মামলার শুনানি শেষে রাজবাড়ীর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খাইরুল্লাহ ট্রাক্টরটি বুঝিয়ে দিতে আদেশ করেন। এরপর আদালতের মাধ্যমে ট্রাক্টরের চাবি হস্তান্তর করা হয়।
কৃষক আব্দুল আজিজ শেখ বলেন, ২০১০ সালের ১১ অক্টোবর ফরিদপুর জেলা সদরের পাপড়ি মোটর থেকে কিস্তিতে একটি পাওয়ার ট্রিলার ক্রয় করি। যার দাম ১২ লাখ ৫৫ হাজার টাকা। শর্ত থাকে যেহেতু কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হবে তাই ১ লাখ টাকা বেশি দিতে হবে। দুই বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে আসল ১২ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাপড়ি মোটরস মেরামতের জন্য ট্রাক্টরটি নিয়ে যায়। এরপর আমাকে আর ফেরত দেয়া হয়নি। বিভিন্ন লোক মারফত আমি নিজেও তাদের কাছে বার বার গেলে তারা কোনো কর্ণপাত করেনি। অবশেষে কোনো উপায় না দেখে আদালতে মামলা করি। মামলা করার পর পাপড়ি মোটর উল্টো আমার বিরুদ্ধে ১৪ লাখ টাকার একটি পাল্টা জালিয়াতি মামলা করে । এ মামলায় আমি একদিন কারাগারে ছিলাম।
এর আগে কৃষকের ক্রয় করা ট্রাক্টর মেরামতে নিয়ে ফেরত না দেওয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছিলো বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল বলেন, আব্দুল আজিজের এই ট্রাক্টরটি নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরাও ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ আন্দোলন করেছে। রাজবাড়ী জেলা কমিটি মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। ছয় বছর মামলা চালিয়ে কৃষক আব্দুল আজিজ একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তারপরও ট্রাক্টরটি পেয়ে আমরা আনন্দিত। এখন জমি চাষ করে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম