গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘরে কৃষকের দুইটি গরুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভাদুঘর ফাঁটা পুকুর পাড়ের ভূইয়া বাড়ির বাসিন্দা গরুর মালিক মো. ইয়াছিন ভূইয়া জানান, দুপুরে গোয়াল ঘরে গরু দুইটিকে খাবার হিসেবে ভাতের মার দিয়েছিলেন। ওই মার খেয়ে ১৮ মাস ও পাঁচ মাস বয়সী দু’টি গরু মারা যায়। কেউ শত্রুতা করে এ কাজ করেছেন।
ইয়াছিন মিয়া আরো জানান, দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার পরিবার। দুইটি গরুর দুধ বিক্রি করে তিনি সংসারের বিভিন্ন ব্যয় মেটাতেন। মারা যাওয়া দু’টি গরু নিয়েও তিনি আশায় ছিলেন। এমন ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এর আগেও কে বা কারা তার বাড়ির সিমগাছ কেটে ফেলে ছিল। তা তিনি জানতে পারছেন না। তিনি ধারণা করছেন তাদের কেউ হয়তো গরু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
ভাদুঘরের বাসিন্দা সংস্কৃতি কর্মী বাছির দুলাল এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কতটা হারামি হলে সম্ভব এমন ঘৃণিত কাজটি করা? এমন সম্বল হারিয়ে গরুর মালিক হতাশ ও উদ্ভান্ত বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন।
এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।