ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার কোনো খবরই জানেন না তারা
সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম—সর্বত্রই সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো মহামারি করোনাভাইরাস। এ কারণে যে কারো মনে হতেই পারে, করোনার খবর জানেন না এমন কেউ নেই। কিন্তু শুনে অবাক হবেন, যুক্তরাজ্যের এক দম্পতি জানেনই না এ ভাইরাসের কোনো খবর!
রায়ান অসবোর্ন ও ইলোনা ম্যানহিগিতি নামের ওই দম্পত্তির বসবাস যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে। তবে তারা দুজনই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। সাগরে ভেসে বিশ্বভ্রমণ করা তাদের সবচেয়ে বড় শখ। ২০১৭ সালে তারা চাকরি দীর্ঘ সফরে বেরিয়ে পড়েন দুজন।
ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ ছিল চীনের উহানে। ইউরোপ-আমেরিকায় তখনও করোনাভাইরাস ছড়িয়ে পড়েনি। এমন সময়েই তারা স্পেনের স্বায়ত্তশাসিত ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ইয়টে করে সমুদ্র যাত্রায় বের হন। উদ্দেশ্য আটলান্টিক পাড়ি দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছানো।
ভ্রমণের শুরুতে তারা শুধু জানতেন উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ২৫ দিনের যাত্রা শেষে তারা ক্যারিবিয়ান উপকূলে একটি ছোট দ্বীপে নামার চেষ্টা করেন। কিন্তু উপকূল থেকে তাদের জানানো হয়, করোনা মহামারির কারণে পুরো দ্বীপ লকডাউন করা হয়েছে!
তারপরই তারা তাদের কাছের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারপর তারা জানতে পারেন, করোনার জেরে ইউরোপ লকডাউনের মধ্যে রয়েছে। ইতালি, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, চীন ও যুক্তরাষ্ট্রে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, করোনা কেড়ে নিয়েছে তাদের অনেক আপনজনকে।
এতকিছু হয়ে গেল, অথচ তারা জানতেই পারলো না! তবে এর আরেকটি কারণও আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারকে বলেছিলেন, কোনো দুঃসংবাদ যেন তাদের না জানানো হয়। ফলে যাত্রা শুরুর প্রথম কয়েকদিন পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ হলেও, এক সময় তারা নেটওয়ার্কের বাইরে চলে যান।
ভাঙা মন নিয়ে তারা পুনরায় যাত্রা করেন গ্রানাডা দ্বীপের দিকে। সেখানেও তাদের কূলে নামতে দেয়া হয়নি। এদিকে জুনে ক্যারিবিয়ান সাগরে ঝড় বেশি হয়। অতএব কোথাও আশ্রয় নিতেই হবে! কিন্তু কী হবে তা এখনো অনিশ্চিত! ইলেনা ম্যানহিগিতি বলেন, করোনাভাইরাস ও ঝড়ের মধ্যে আমরা স্যান্ডউইচের মতো জীবনযাপন করছি।