ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৭ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে থানা ঘেরাও করে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই রাতে পাটগাতী এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন জ্বলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়াম এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় কয়েকজনকে আটক এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে হতাহতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে গিয়ে ঘেরাও করেন। সেখানে পুলিশের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়। এ সময় কয়েক দফা গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রের দাবি। একপর্যায়ে থানায় আটক ব্যক্তিদের বের করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে থানায় আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

থানায় অগ্নিসংযোগের পর বিক্ষোভকারীদের একটি অংশ পাটগাতী এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা চালায়। সেখানে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িটিতেও আগুন জ্বলছিল। এসব ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যেই পাশের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করেন তারা। এসব কর্মসূচি থেকে আগামী ১৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই দিনের লকডাউন কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

বিকেলে ওয়াবদারহাট, মহুয়া মোড়, পিঞ্জুরি ও কুশলা ইউনিয়নের খান মার্কেট এলাকায় মিছিল ও পথসভা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থেকে সাদা কাপড় সরিয়ে ফেলা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে প্রতিকৃতিটি কাপড়ে ঢাকা ছিল।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের ফটকে আগের নাম ‘কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ’ লেখা একটি ব্যানার টানানো হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত দাড়িয়া ও সাধারণ সম্পাদক টিএম শফিকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ব্যানারটি স্থাপন করেন।

অন্যদিকে সন্ধ্যায় কোটালীপাড়া থানা থেকে প্রায় ৩০০ গজ দূরে মহুয়া চত্বরে সড়কের ওপর থাকা একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কে বা কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে সম্প্রতি এলাকায় ফিরেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট ছোট দলে মিছিল ও পথসভা করে সাংগঠনিক উপস্থিতি জানান দিচ্ছেন তারা। ১৯ নভেম্বরের কর্মসূচিতে জনসমাগম বাড়ানোর লক্ষ্যেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা স্থানীয়দের।

কোটালীপাড়ার এসব কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খশরু, যুব মহিলা লীগের সভানেত্রী সাবানা খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন শেখ, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া ও সাবেক ভিপি হায়দার হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে বিজিবি, এসআরবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। এর মধ্যেই টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, থানা ঘেরাও, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব ঘটনায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষে হতাহত, আটক ব্যক্তিদের পরিচয়, গ্রেপ্তার এবং অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!