ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
২২ বছর পর প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর কোনো প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরজুড়ে চলছে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও জনসভা আয়োজনের প্রস্তুতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম লালমনিরহাট সফর। এ উপলক্ষে পুরো জেলায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে। শহরের প্রধান সড়ক, সড়ক বিভাজক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে রং ও সৌন্দর্যবর্ধনের কাজ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দেওয়া তথ্য অনুযায়ী, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন, মহেন্দ্রনগরে মডেল খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়।
এ ছাড়া লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সফর সফল করতে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে গত ১৫ নভেম্বর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাট শহরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ১৪ কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল, প্রচার-প্রচারণা ও প্রস্তুতিমূলক সভা করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন কমিটির সঙ্গেও সভা করেছেন জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও মানুষের দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ।
সফর ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন লালমনিরহাটের বাসিন্দারা। তাদের প্রত্যাশার তালিকায় রয়েছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধ, বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু, শিল্পকারখানা ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ চান তারা।
লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তাদের জেলায় আসছেন, এটি দলীয় নেতাকর্মীসহ পুরো অঞ্চলের মানুষের জন্য আনন্দের। তিস্তা মহাপরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিমানবন্দর চালুর মতো বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তারা আশা করছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসমাগম ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক আন্দোলন সফল হলে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন।