এক সপ্তাহের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ
ভালো ফলন ও বাড়তি দামের কারণে নেয়া হচ্ছে বাড়তি যত্ম। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আসবে নতুন মুড়িকাটা পেঁয়াজ। এই পেঁয়াজ বাজারে আসলে কমবে পেঁয়াজের ঝাঁজ। এমনটিই প্রত্যাশা করছেন রাজবাড়ীর কৃষকরা।
বাজারে পেঁয়াজের বাড়তি দাম তাই যাতে দ্রুত সময়ে পেঁয়াজ সংগ্রহ করা যায়, সে জন্য বাড়তি যত্মে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এই চিত্র রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়িয়া এলাকার মাঠে মাঠে। বেশ কয়েক দিন ধরে পেঁয়াজের চড়া বাজার দরের কারণে এবার কৃষকরা আগে ভাগেই তুলতে শুরু করবেন পেঁয়াজ। এতে নতুন পেঁয়াজে যেমন বেশি দাম পাবেন চাষিরা তেমনি নতুন পেঁয়াজের ঝাঁজে দামও কমে আসবে।
হরিণবাড়িয়া এলাকার কৃষক তমছেল শেক ও খবীর মোল্লা বলেন ,গত বছর অতিবৃষ্টিতে পেঁয়াজ পচে যাওয়ায় লোকসানে পড়েছিলেন তারা। এমন দাম থাকলে কৃষক লাভবান হবে। সেই সঙ্গে গত বছরের ক্ষতি পূরণ হবে।
কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেক বলেন, এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে পাশাপাশি পেঁয়াজের বাড়তি দামে লাভবান হবেন কৃষক। পেঁয়াজ চাষে দেয়া হয়েছে বিভিন্ন রকম পরামর্শ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ বছর রাজবাড়ীতে পেঁয়াজ চাষ হয়েছে ২৮ হাজার ২৫০ হেক্টর জমিতে । এ থেকে ২ লাখ ৮১ হাজার ৮ শত মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।