ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

উদযাপনের মাঝে অসুস্থ, হাসপাতালে নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২১ সেপ্টেম্বর ২০২২
উদযাপনের মাঝে অসুস্থ, হাসপাতালে নারী ফুটবলার
ছবি: সংগৃহীত

স্বপ্নের বাসে শিরোপা নিয়ে উল্লাস করতে করতে মতিঝিল যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ছাদখোলা বাসের উল্লাস হঠাৎ কিছুটা মিইয়ে গেছে এক সতীর্থের অসুস্থতার খবরে। ছাদখোলা বাসে উল্লাস করতে গিয়ে আঘাত পেয়ে আহত হয়েছেন নারী দোলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে কার্যালয়ের দিকে যেতে থাকেন মেয়েরা।

জানা যায়, বিমানবন্দর থেকে ঢাকা শহর প্রদক্ষিণ করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবনের দিকে যাচ্ছিল ছাদখোলা বাসটি। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। 

এ বিষয়ে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’

স্বস্তির খবর, খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!