ইজরায়েলের শাকসুকা
নাম শুনেই নিশ্চয় অবাক হচ্ছেন! এটি ইজরায়েলের একটি বিশেষ পদ। যদি ডিম দিয়ে কোনো পদ রান্না করতে চান তবে এই রেসিপিটি আপনার জিভে জল এনে দিবে। ঘরে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়েই আপনি জনপ্রিয় এই পদটি রান্না করতে পারবেন। জেনে নিন রেসিপি-
উপকরণ: ডিম ৪ থেকে ৫ টি, টমেটো কুচি দেড় কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ৩ চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, পেঁয়াজ ও রসুন পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, যে কোনো চিজ ১/৩ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, মাখন ২ টেবিল চামচ।
প্রণালী: প্যানে সামান্য মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন। এতে টমেটো কুচি আর লবণ দিয়ে রান্না করুন কিছুক্ষণ। টমেটো নরম হয়ে এলে ক্যাপসিকামের টুকরো ও কাঁচা মরিচ দিন। ভালোভাবে নেড়ে রান্না করতে থাকুন। সামান্য পানি দিতে পারেন। ঝোল ঘন হয়ে এলে চিনি আর চিজ মিশিয়ে নিন।
এবার উপরে ডিম ভেঙ্গে দিন। ডিমের উপর লবণ, গোল মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। ডিম রান্না হয়ে গেলে উপরে পেঁয়াজ পাতা, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। এখানে পালং শাকও ব্যবহার করতে পারবেন। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন এই সুস্বাদু ও পুষ্টিকর খাবারটি।