১৯ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ নিয়ে চলছে গবেষণা
হাজার হাজার বছর আগে তানজানিয়ায় কিছু লোক বিচরণ করেছিলেন। তাদের পায়ের ছাপ এখনো রয়েছে সেখানকার মাটিতে। তানজানিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গার সেরো এলাকায় ওইসব পায়ের ছাপ পাওয়া গেছে।
অন্তত পাঁচ হাজার থেকে ১৯ হাজার বছর আগের প্রায় চারশ পায়ের ছাপ সেখানে রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন। আফ্রিকার মধ্যে এখানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। বর্তমান সময়ে সেসব পায়ের চিহ্ন তৎকালীন মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করছে। এই পায়ের ছাপগুলো থেকে সেই সময়ের মানুষের শারীরিক গড়ন এবং তাদের খাদ্য খোঁজার কৌশল সম্পর্কে ধারণা করা সম্ভব।
.png)
এ বিষয়টি প্রথম আবিষ্কার হয় ২০০৯ সালে। তারপর থেকেই এ ব্যাপারে গবেষণা চলছে। প্রথমে মাত্র ৫৬ টি পায়ের ছাপ পাওয়া গেলেও পরে মোট চারশ ছাপ পাওয়া যায়।
এ ব্যাপারে ছাথাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন হাতালা বলেন, ওই সময় মানুষ কীভাবে চলাচল করতো এবং খাদ্যের জন্য কী ধরনের কৌশল অবলম্বন করতো, তা জানা যাবে। এছাড়াও এগুলো বিভিন্ন ধরনের জীবাশ্ম, আগ্নেগিরির পাশে চারশ পায়ের ছাপ ওই সময়ের মানুষের আচরণ সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করেছে বলেও জানান তিনি।
গবেষকরা বলছেন, পায়ের ছাপের আকার এবং কতদূর পর পর সেইসব ছাপ পড়েছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
সূত্র : এএফপি
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ