সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় ছাত্রলীগ কর্মীসহ নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপের ধাক্কায় ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আখলিসুর রহমানের ছেলে হাসান আহমেদ সুমন ও অজ্ঞাত এক পথচারী নারী। এ ঘটনায় পিকআপ চালক জাবেদ মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার বড়কাপল পয়েন্টে সুনামগঞ্জ আসা পিকআপের সঙ্গে সিলেটগামী ছাত্রলীগকর্মীর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা চাপা পড়লে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব জানান, এ ঘটনায় আমরা চালককে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
.png)
এছাড়া নিহত হাসান আহমেদ সুমন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সাল।